হার না মানা রাকিবুল

কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী গ্রামের রাকিবুল ইসলাম। ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল মেডিকেলে পড়ার। কিন্তু প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তাই বলে দমে যাননি তিনি। বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে গেছেন। তাই দ্বিতীয়বার আর ব্যর্থ হতে হয়নি। এবার খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
রাকিবুলের বাবা তৌহিদুল করিম একজন চা বিক্রেতা। মা রহিমা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। মাটির মেঝের ওপর কোনো রকমে টিনের বেড়া দিয়ে তৈরি ঘর। সেখানে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন তৌহিদুল। চায়ের দোকানের আয় দিয়ে টেনেটুনে চলে চারজনের সংসার। ছোট ছেলে মাজিদুল ইসলাম গ্রামের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।
২০১২ সালে লাহিনী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পান রাকিবুল। এরপর কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৮০ পান। প্রথমবার মেডিকেলে ভর্তির সুযোগ না মেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। আর্থিক টানাপোড়েনের মধ্যে বাবাকে সহায়তা করতে কখনো চায়ের দোকানে আবার কখনো কখনো টিউশনি করেছেন। তারপরও মেডিকেলে পড়ার স্বপ্ন দেখা ছেড়ে দেননি। এবার মেডিকেল ভর্তি পরীক্ষার মেধা তালিকায় তাঁর অবস্থান ১২৯২। স্কোর ১৮১.৫০।
গতকাল মঙ্গলবার দুপুরে লাহিনী গ্রামে রাকিবুলের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর মা রহিমা বেগম মাটির ঘর লেপছেন। বাড়ির সামনের এক টুকরো উঠান বৃষ্টির পানিতে স্যাঁতসেঁতে। এর মধ্যেই ঈদ উপলক্ষেÿঘরটাকে সাজানোর চেষ্টা করছেন। কিন্তু ছেলের মেডিকেলে পড়ানোর স্বপ্ন সাজাবেন কীভাবে সেটা চিন্তা করতে গিয়ে মাঝে মাঝে থমকে যাচ্ছেন রহিমা।
তবে কোনো কিছুর কাছে হার মানতে নারাজ রাকিবুল। তিনি বলেন, উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ পাননি, তাতে কি। মেধা আর সাহসের জোরেই তিনি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। নিয়মিত পড়াশোনা করলে আর সৎ সাহস থাকলে কোনো কিছুই থেমে থাকতে পারে না।
লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, রাকিবুল দরিদ্র পরিবারের সন্তান। সে যখন স্কুলে পড়ত তাকে বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে। মেডিকেলে সুযোগ পেয়েছে শুনে খুব ভালো লাগছে। কিন্তু তাঁর পড়াশোনার খরচ চালানো নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।