হার না মানা স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মৃতি আক্তার
স্মৃতি আক্তার

উচ্চতা কম হওয়ায় স্মৃতির হাঁটাচলা করতে কষ্ট হয়। এদিকে ইটভাটার শ্রমিক বাবার আয় দিয়ে কোনোমতে চলে সংসার। এসব প্রতিবন্ধকতা পেরিয়ে স্মৃতি স্নাতক পাস করেছেন। কিন্তু টাকার অভাবে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হতে পারছেন না।
স্মৃতি আক্তার যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের বাসিন্দা। তাঁর উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি। বেশি হাঁটাচলা করলে পায়ে ব্যথা হয়। তবে তাঁর ইচ্ছা ছিল লেখাপড়া করার। অভাবের সংসারে থেকেও কষ্ট করে তিনি লেখাপড়া চালিয়ে যান।
স্মৃতির মা শিল্পী বেগম বলেন, অভাবের সংসার, তারপরও স্মৃতিকে অনেক ডাক্তার দেখিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। স্মৃতির খুব ইচ্ছা লেখাপড়া করার। লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনি স্মৃতিকে কোলে করে প্রতিদিন বিদ্যালয়ে নিয়ে গেছেন।
স্মৃতি ২০০৮ সালে জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.১৯ পেয়ে মাধ্যমিক ও ২০১০ সালে সিঙ্গিয়া আদর্শ কলেজ থেকে জিপিএ ৩.৫ পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর একই কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। সম্প্রতি স্নাতক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তিনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তিনি এবার যশোরের মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ইতিহাস বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছেন না।
স্মৃতি বলেন, ‘যতই কষ্ট হোক আমি লেখাপড়া শেষ করতে চাই। আমার খুব ইচ্ছা চাকরি করার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছি। কিন্তু চাকরিটা হয়নি।’
স্মৃতির বাবা তৈয়েব আলী সরদার বলেন, তাঁর মেয়ে অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন। তাঁর ইচ্ছা চাকরি করার। লেখাপড়া শেষে স্মৃতির একটা চাকরি হলে তাঁদের আর কোনো চিন্তা থাকবে না।
বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান বলেন, সংসারের অভাব আর শারীরিক সমস্যাকে পাশ কাটিয়ে স্মৃতি লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তাকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। স্মৃতির স্বপ্ন পূরণ করার জন্য তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।