হার না-মানা কাজল

বাম পা না থাকায় মাগুরার কাজল ভৌমিক ক্রাচে ভর করে চলেন। তবে তিনি এক পায়ে সাইকেল চালাতে জানেন। সাইকেল চালিয়ে প্রতিদিন প্রায় ২০ কিলোমিটার পথ পেরিয়ে তিনি কলেজে আসা-যাওয়া করতেন। সেই কাজল এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছেন।
কাজলের বাড়ি জেলার মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের শড়াবাড়িয়া গ্রামে। বাবা কার্তিক ভৌমিক প্রান্তিক চাষি আর মা কমলা রানী ভৌমিক গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে কাজল ছোট। বড় ভাই হিরো ভৌমিক স্নাতক (সম্মান) শেষ বর্ষে পড়েন। কাজল মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজে পড়েছেন। এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ বিষয়ের নম্বর ছাড়াই জিপিএ-৫ পেয়েছেন।
জন্ম থেকে কাজলের বাম পা নেই। মা কমলা বলেন, জন্মের পর যখন দেখলেন ছেলের বাম পা নেই, তখন অনেক কেঁদেছেন। এখনো কাঁদেন। তবে এখন কাঁদেন ছেলের জন্য গর্ব হয় তাই।
কাজল বলেন, শারীরিক সমস্যার কারণে কখনো যে তাঁর আক্ষেপ হয়নি, এমন না। তবে কখনো হতাশ হননি। হাল ছাড়েননি। বরং মনে জিদ চেপে পড়াশোনা করেছেন। ইচ্ছাশক্তি থাকলে সবই করে দেখানো সম্ভব। তিনি আরও বলেন, গ্রামের বাড়ি থেকে প্রতিদিন তিনি এক পায়ে সাইকেল চালিয়ে উপজেলা সদরে কলেজে যেতেন। আসা-যাওয়া মিলে প্রায় ২০ কিলোমিটার পথ। ক্লাসের সময় বাদে তিনি প্রতিদিন ছয়-সাত ঘণ্টা পড়ালেখা করতেন। ভবিষ্যতে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হয়ে প্রকৌশলী হতে চান।
বাবা কার্তিক ভৌমিক বলেন, কাজল ছোটবেলা থেকেই পড়ালেখায় ভালো। সব শ্রেণিতে প্রথম হয়েছে। প্রাথমিক ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পায়। আর এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। অভাবের কারণে তিনি ছেলের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করতে পারেননি। শারীরিক প্রতিবন্ধী হলেও তাঁর ছেলে তাঁদের গর্ব।
কাজলের মা-বাবা বলেন, চাষাবাদের সামান্য জমি দিয়ে সংসার চলতে চায় না। অনেক কষ্ট করে অভাবের মাঝেই পড়াশোনা করছে কাজল। ছেলের ইচ্ছা সে বুয়েটে পড়বে। বড় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সে সামর্থ্য তাঁদের নেই। কীভাবে টাকা জোগাড় হবে, তা-ও জানেন না।
পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, কাজল সবার কাছে অনুকরণীয়। নানা প্রতিকূলতা ডিঙিয়ে ভালো ফল করে কাজল প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব।
মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান আলী বলেন, ‘কাজল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা অন্য শিক্ষার্থীদের বলি, কাজল পারলে তোমরা কেন পারবে না?’