হার মানতেই হলো...

ছোট বেলায় নাহিদ পারভিন পলি তাঁর বাবা-মাকে হারান। এরপর সাতক্ষীরায় মামার কাছে বড় হতে থাকেন তিনি। সেই মামাও পরে মারা যান। এরপর শুরু হয় পলির জীবনযুদ্ধ। চলে যান লেবাননে।
সাত বছর বিদেশে থাকার পর গত বছর দেশে ফিরে আসেন পলি (২২)। মামির সঙ্গে ঝগড়া করে চলে আসেন ঢাকায়। হাতিরঝিলে সুলতান মিয়ার বাসায় ওঠেন পলি। কাজ নেন মালিবাগের গার্মেন্টসে। তবে আবার বিদেশ যাওয়ার সব চেষ্টাই করে যাচ্ছিলেন তিনি। পাসপোর্টের মেয়াদও বাড়িয়েছেন। সুলতানকেও বলে রেখেছেন, যে কোনো সময় তিনি বিদেশে চলে যাবেন। ছয় দিন আগে বছরের প্রথম দিনই পলির জীবনের শেষ দিন হলো। অনেক সংগ্রামের পর জীবন যুদ্ধে হেরেই গেলেন তরুণী পলি।
পলি কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে চলে যান গার্মেন্টসে। ফিরে আসেন আবার দুপুরে। যে বাসায় ভাড়া থাকেন তাঁর পাশের বাসায় বেড়াতে আসা মীম আক্তারকে সঙ্গে নিয়ে দুপুরের পর পলি যাচ্ছিলেন গার্মেন্টসে। মালিবাগ ডিআইটি রোডের আবুল হোটেলের সামনের সড়ক দিয়ে যখন পার হচ্ছিলেন তখন মৌচাক থেকে আসা সুপ্রভাত পরিবহনের বাস ধাক্কা দেয়। বাসের চাকায় পিষ্ট মিম ঘটনাস্থলে মারা যান। সেদিনই গুরুতর জখম পলির মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থল থেকে আটক হন বাস চালক জুনায়েদ (২৭)। যিনি এখন কারাগারে আছেন।

ছয় দিন পরও সুলতানের স্ত্রী খুকু বেগম কিছুতেই ভুলতে পারছেন না পলিকে। খুকু বেগম ঘর থেকে বের করে আনেন পলির দুটি পাসপোর্ট। হু হু করে কেঁদে উঠে বললেন, পলি আর কোনো দিন বলবে না, ‘ও নানু, জলদি ভাত বাড়ো, ভাত খাবো।’
মৃত্যুর আগের দিন খুকুকে পলি বলেছিলেন, এই দুনিয়ায় তাঁর আপন কেউ নেয়। যদি মারাও যান তাহলে কাদার লোকও নেই। যদি হারিয়েও যান তাহলে খোঁজ করার কোনো লোক থাকবে না।
পলির বলে যাওয়া এই কথা বলছেন, আর কেঁদে চলেছেন খুকু বেগম। তিনি বললেন, ‘ওর মা-বাপ ছিল না, আমারও মা-বাপ নেই। ও এতিম, আমিও এতিম। আমি তাঁকে বলেছি, ‘নানু, কেউ যদি না কান্দে, তোমার লাইগা আমিই কানমু।’ খুকু বললেন, ‘পলি প্রায় বলত, ও নানু, আমাকে তুমি রান্না করা শিখাবা।’ খুকু বেগম যখন পলির জীবনের গল্প শোনাচ্ছিলেন তখন পাশের বাসা থেকে মীমের মা জরিনার আহাজারি ভেসে আসে।
মীম তাঁর মায়ের সঙ্গে বড় বোনের বাসায় বেড়াতে আসে। বগুড়ায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে সে। পাশাপাশি ঘর হওয়ায় অল্প কয়েক দিনে পলির সঙ্গে মীমের খাতির হয়। যে গার্মেন্টস কারখানায় পলি কাজ করেন সেখানে নিয়ে মীম তাঁকে নিয়ে যেতে বলে।
মীমরা দুই বোন। বাবা সোনা মিয়া থাকেন বগুড়ায়। জরিনা বেগম বললেন, মীম তাঁর ছোট মেয়ে। অনেক স্বপ্ন ছিল তাঁর। ভালো একটা ছেলে দেখে ঘটা করে মীমকে বিয়ে দেবেন।
মীমকে ঢাকায় বেড়াতে নিয়ে আসায় কাল হলো, এমন বিলাপ করছেন জরিনা।

গেল বছর জুলাই মাসে বিমানবন্দর সড়কে শহীদ রমীজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থী মারা যান। এরপর নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ সারা দেশে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। আটক হন বাস চালকসহ কয়েকজন। তদন্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্রও দিয়েছেন। এর বিচারও চলছে ঢাকার আদালতে।
পলি আর মীম যেখানে মারা গেছেন (মালিবাগ আবুল হোটেলের সামনে) সেখানে দেখা গেল, সড়ক বিভাজন দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পথচারীরা। মীমের খালাতো ভাই সাইফুল ইসলাম জানালেন, রাস্তা পার হতে গিয়ে এখানে প্রায় দুর্ঘটনা হচ্ছে।
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বললেন, ‘পলি আর মীমের এমন মৃত্যু কোনো ভাবে মেনে নেওয়া যায় না। এক মুহূর্তেই তাঁদের জীবনের সব স্বপ্নের মৃত্যু হলো। এমন আর একটি মৃত্যু চাই না।’