হার মানলেন মার্জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্জিয়া জান্নাত সুমির ইচ্ছে ছিল ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু কলেজে পড়া অবস্থায় পরিবারের চাপে খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর।ওই বিয়েতে মত ছিল না ছেলেটিরও। বিয়ের চার-পাঁচ মাস পরেই তাঁদের বিচ্ছেদ হয়। মার্জিয়া শুরু করেন নতুন জীবন। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ৩ দশমিক ৫৬ পেয়ে বিভাগে প্রথম হন।সেই মেধাবী মার্জিয়া এবার হার মানলেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের কক্ষ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক শিক্ষক বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় মার্জিয়া আত্মহত্যা করতে পারেন বলে তাঁর বান্ধবীরা জানিয়েছেন।জাহানারা ইমাম হলের একাধিক ছাত্রী বলেন, হলের এ ব্লকের ৩২৩ নম্বর কক্ষে মার্জিয়া একাই থাকতেন। গতকাল দুপুর দেড়টার দিকে ওই কক্ষ বন্ধ দেখতে পান মার্জিয়ার বান্ধবীরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। বান্ধবীরা ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মার্জিয়া ঝুলছেন।সঙ্গে সঙ্গে চিৎকার করেন ছাত্রীরা। হল সুপারকে খবর দিয়ে তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওড়না কেটে নিচে নামানো হয় মার্জিয়াকে। অ্যাম্বুলেন্সে করে দ্রুত মার্জিয়াকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মার্জিয়াকে মৃত ঘোষণা করেন।বিকেল পাঁচটার দিকে মার্জিয়ার লাশ আনা হয় জাহানারা ইমাম হলের সামনে। কান্নায় ভেঙে পড়েন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রাত আটটার দিকে মার্জিয়ার জানাজা হয়। পরিবারের সদস্যরা লাশ নিয়ে জামালপুরে বাড়ির উদ্দেশে রওনা হন। এক ভাই এক বোনের মধ্যে মার্জিয়া ছিলেন বড়। বাবার নাম আবদুস সামাদ। মার্জিয়ার বন্ধু নিপা, সামিয়া ও পলাশ মাহমুদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, মার্জিয়া চেয়েছিল ভালো ফল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে। স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম হওয়ার পর তাঁর আগ্রহ আরও বেড়ে যায়। গত ২ আগস্ট স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা শেষ হয়। এবারও ভালো ফলের আশা করেছিলেন। কিন্তু মার্জিয়ার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ওই শিক্ষককে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের এক জ্যেষ্ঠ শিক্ষক প্রথম আলোকে বলেন, মার্জিয়ার সঙ্গে তাঁর বিভাগের ওই শিক্ষকের বিয়ের কথা চলছিল। মাত্র এক মাস তাঁদের মধ্যে কথা হয়। কিন্তু মেয়েটির আগে বিয়ে হয়েছিল জানতে পেরে শিক্ষক তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে মামলার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব ব্যাপার। এদিকে মার্জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। প্রক্টর মো. আরজু মিয়া বলেন, মেধাবী ওই ছাত্রীর অকালপ্রয়াণে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে শোকাহত।