হার মানলেন শিউলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন অগ্নিদগ্ধ শিউলি আক্তার (৩৫)। গতকাল রোববার সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
শিউলি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী। পরিবারের দাবি, মোক্তার হোসেনকে হত্যা করতে গিয়ে সন্ত্রাসীরা ২২ অক্টোবর দিবাগত রাতে শিউলি আক্তারের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মুক্তার হোসেনের ভাতিজা পারভেজ হোসেন জানান, প্রতিদিনের মতো শিউলি আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। তাঁর তিন ছেলেমেয়ের সবাই বাইরে ঘুমিয়ে ছিল। স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কে বা কারা ঘরের জানালা দিয়ে শিউলি আক্তারকে লক্ষ্য করে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। শিউলির চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা ঘরের দরজা খুলে তাঁকে উদ্ধার করে।
পারভেজ জানান, মোক্তার হোসেনকে হত্যার জন্য সন্ত্রাসীরা এসেছিল। তাদের নিশানা ভুল হওয়ায় এই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তারা ওই দিনই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।