হারাগাছ পৌরসভার নির্বাচন আজ

রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভা নির্বাচন আজ রোববার। তবে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ফারুক মোনায়েম গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
বিএনপি হারাগাছ পৌর কমিটির কার্যালয়ে ফারুক মোনায়েম গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
তবে বিএনপির প্রার্থীর অভিযোগ অস্বীকার করে জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, তাঁদের এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়।
হারাগাছ পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী নির্বাচন করছেন। আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী হাকিবুর রহমান, বিএনপির ফারুক মোনায়েম, স্বতন্ত্র প্রার্থী (বর্তমান মেয়র) সাদাকাত হোসেন ও ইসলামী আন্দোলনের মো. জাহিদ হোসেন।