হারাগাছ পৌর এলাকায় ইটভাটা, পরিবেশ দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা লঙ্ঘন করে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় একটি ইটভাটা গড়ে উঠেছে। লোকালয়ের মধ্যে বছরের পর বছর ধরে এই ভাটায় ইট পোড়ানো হচ্ছে। হারাগাছের বানুপাড়ায় ১৯৮৬ সালে শহীদ ইটভাটা নামে এই ভাটা গড়ে ওঠে। ভাটা নির্মাণের দুই বছর পর ১৯৮৯ সালে হারাগাছকে পৌরসভা ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাটার ট্রেড লাইসেন্স প্রতিবছর নবায়ন করছে পৌরসভা। এদিকে ওই এলাকায় দিন দিন মানুষের বসতি বাড়ছে। গড়ে উঠছে ঘরবাড়ি। ইটভাটার ফলে আশপাশের গাছপালা ও জমির ফসল নষ্ট হচ্ছে। সম্প্রতি ওই এলাকায় গেলে বানুপাড়ার লাইজু মিয়া বলেন, এই ইটভাটার কারণে আবাদি জমি নষ্ট হচ্ছে। দক্ষিণ বানুপাড়ার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ইটভাটার কালো ধোঁয়ায় গাছপালাগুলো বড় হয়া উঠপার পারে না।’ শিক্ষক আনিসুর রহমান জানান, ‘ভাটার ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ইটভাটার পরিচালক মশিউর রহমান বলেন, ‘ইটভাটা করার জন্য যেসব নিয়মকানুন রয়েছে এগুলো আমরা মেনে চলছি।’ পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, আবাসিক এলাকা কিংবা পৌর এলাকার মধ্যে ইটভাটা করার কোনো নিয়ম নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান। হারাগাছ পৌরসভার মেয়র মামুনুর রহমান বলেন, এই ভাটাটি পৌরসভা হওয়ার আগেই হয়েছে। পৌরসভা হওয়ার পর ভাটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘ইটভাটার ছাড়পত্র পরিবেশ অধিদপ্তরই দিয়ে থাকে। তাদের ছাড়পত্র ছাড়া ইটভাটা গড়ে উঠতে পারে না। এই ভাটার ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে।’