হারাগাছ পৌরসভার সড়কে জলাবদ্ধতা

দীর্ঘদিন সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সড়কগুলোতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে দুর্ভোগ পোহাচ্ছে বাসিন্দারা।
রংপুর নগর থেকে ১২ কিলোমিটার দূরের হারাগাছে পৌরসভা স্থাপন করা হয় ১৯৮৯ সালে। প্রথম নির্বাচন হয় ১৯৯৯ সালে। লোকসংখ্যা প্রায় এক লাখ ৫৫ হাজার।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পৌরসভার পাইকারবাজার থেকে নতুনবাজার পর্যন্ত আধা কিলোমিটার প্রধান সড়কটি জলাবদ্ধতা হয়ে আছে। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া পৌর এলাকার পাইকারপাড়া, পণ্ডিতপাড়া, চেয়ারম্যানপাড়া, রহমানপাড়া, কদমতলীসহ আরও কয়েকটি পাড়া-মহল্লার সড়কের অবস্থাও বেহাল।
পাইকারপাড়ার কলেজছাত্র আশরাফুল হক বলেন, কলেজে যেতে অনেক সময় কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। পণ্ডিতপাড়ার শিক্ষক রজব আলী বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে দেখছি সড়কের বেহাল দশা। চেয়ারম্যানপাড়ার ব্যবসায়ী ইদ্রিস মিয়া বলেন, ‘এটি নামেই পৌরসভা। কিন্তু কামে নাই।’
পৌরসভার মেয়র সাদাকাত হোসেন বলেন, পৌর এলাকার নাগরিকদের সুযোগ-সুবিধা নেই বললেই চলে। প্রতিষ্ঠার পর থেকেই নেই উন্নয়ন বাজেট। বর্ষায় সড়কগুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে তিনি স্বীকার করেন। এ কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।