রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ একটি অবহেলিত জনপদের নাম। তামাক ও বিড়ির জন্য প্রসিদ্ধ। অধিকাংশ মানুষ তামাক চাষ করে বিড়ি বানিয়ে জীবন ধারণ করে। তবু তাদের জীবন দারিদ্র্যের নিগঢ়ে বাঁধা। সেই নিগঢ় ছিঁড়ে বেরিয়ে এসেছেন কয়েকজন। নিজেদের চেষ্টায় এলাকার ছেলেমেয়েদের যুগোপযোগী, আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলছেন তাঁরা।গত বছরের জুলাই মাস থেকে হারাগাছের সারাই এলাকায় তাঁরা একটি গ্রন্থাগার চালু করেছেন। যেখানে বইয়ের পাশাপাশি আছে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা। শিক্ষার্থীরা বিনা খরচে গ্রন্থাগারে পড়াশোনা ও ইন্টারনেট ব্যবহার করতে পারে। গ্রন্থাগারটির নাম ‘সাইবার লাইব্রেরি’।এটি স্থাপন করেছেন হারাগাছেরই কয়েকজন তরুণ, যাঁরা বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা পাস করে বেরিয়েছেন। তাঁদের গড়া সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি স্টুডেন্টস অব হারাগাছ বা ‘আউস’ সাইবার লাইব্রেরিটি গড়ে তোলে।পাঠ্যবই ও বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের উর্যাসাহিত করতেই আউসের এই প্রচেষ্টা। সংগঠনের সদস্যরা নিজেদের টাকায় গ্রন্থাগারটি চালান। তাঁরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা ও বিতর্ক কর্মশালার আয়োজন করেন। ‘সুশিক্ষিত মানুষ আলোকিত হারাগাছ’ স্লোগান নিয়ে কাজ করছে ‘আউস’।২০০৯ সালের ৪ জুলাই হারাগাছের সারাই এলাকার শিক্ষানুরাগী মোয়াজ্জেম হোসেনের বাড়িতে সাইবার লাইব্রেরির কার্যক্রম শুরু হয়। এখানে বাংলা ও ইংরেজি সাহিত্যের বই রয়েছে। আছে গণিত ও শিশুতোষ, জীবনীগ্রন্থ, মুক্তিযুদ্ধ ও বিজ্ঞানবিষয়ক পাঁচ শতাধিক বই। পাশেই আছে দুটি কম্পিউটার এবং তাতে রয়েছে ইন্টারনেটের সংযোগ।গ্রন্থাগারে পড়তে আসা হারাগাছ দরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সময়, রিতা, লাভলী; হারাগাছ বহুমুখী উচ্চবিদ্যালয়ের হাসি, খুশি এবং মুন্সিপাড়া উচ্চবিদ্যালয়ের স্বাধীন ও স্বপন বলেছে, ‘আউসের এমন কার্যক্রমে আমরা আনন্দিত। তাদের জন্য আমরা অনেক কিছুই শিখতে পারছি।’বর্তমানে গ্রন্থাগারের পাঠকসংখ্যা ৩০০। গ্রন্থাগারের দায়িত্বে থাকা শারমিন ও আইরিন জানান, যেকোনো স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সদস্য হয়ে বিনা মূল্যে বই নিয়ে পড়তে পারে।সাইবার লাইব্রেরির কার্যক্রম দেখতে সম্প্রতি হারাগাছে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মতলুব আলী। তিনি বলেন, দেশের উত্তর প্রান্তে অবহেলিত এই এলাকায় কিছু তরুণের এ কর্মকাণ্ড আলোর দিশারি হয়ে জেগে উঠুক। কাউনিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য বলেন, ‘ওদের এত কার্যক্রম দেখে আমি অভিভূত। হারাগাছের ভালো কাজের জন্য এটি একটি আন্দোলন।’আউসের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. রিপন মিয়া বলেন, ‘আমাদের স্বপ্ন হারাগাছের অলিতে-গলিতে, পাড়ায়-পাড়ায় মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে পড়ুক। আলোকিত মানুষ হওয়ার স্বপ্নের গাড়ি যেন ছুটে চলে।’ অন্যতম উদ্যোক্তা মো. মিজানুর রহমান বলেন, ‘হারাগাছের শিক্ষার্থীরা মানবিক বিকাশ নিয়ে গড়ে উঠবে এটাই আমাদের কাম্য।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মাইদুল ইসলাম বলেন, ‘সভ্যতা দ্রুত এগিয়ে চলেছে। কিন্তু আমরা পিছিয়ে পড়ছি বলেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’আউসের প্রধান উদ্যোক্তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. জাভেদ পারভেজ। তিনি বলেন, ‘আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি বা পাস করেছি, তাদের সংগঠিত করে নানামুখী শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে হারাগাছকে আলোকিত করার চেষ্টা করছি।’