হারাগাছের মেনাজবাজার গ্রামে শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে কাটা পড়ে রংপুর সদর উপজেলার হারাগাছ পৌরসভার মেনাজবাজার গ্রামের চার ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রোববার আলেফ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে একে একে সবার জানাজা হয়। পরে তাঁদের দাফন করা হয়।

মৃত ব্যক্তিরা হলেনহাফিজার রহমান (৩৫), মুকুল মিয়া (৩৬), আবু বক্কর (৩৫) ও রবিউল ইসলাম (২৮)।

 গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, পুরো হারাগাছ পৌর এলাকার মেনাজবাজারের মানুষের সবার মন খারাপ। কারও মুখে তেমন কোনো কথা নেই। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা তাঁদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

হাফিজার রহমানের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে। তাঁরা তাঁদের বাবাকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন। সেই সঙ্গে তাঁর স্ত্রী রোশেনা বেগম কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ছেন। কথা বলার কোনো শক্তি নেই। জানা গেল, মেনাজবাজারে তাঁর ছোট্ট একটি চা-বিস্কুটের দোকান রয়েছে। সেই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলে তাঁদের সংসার। কোরবানির ভাগের গরু কিনতে কাউনিয়ার টেপামধুপুর হাটে গিয়েছিলেন তিনি।

মুকুল মিয়ার চার সন্তান। তাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন তাঁর স্ত্রী মোমিনা খাতুন। মোমিনা কাঁদতে কাঁদতে বলেন, ‘এখন হামার কী হইবে। ছাওয়াগুলাক কায় দেখপে।’

আবু বক্করের এক ছেলে ও এক মেয়ে। স্ত্রী সালেহা বেগম মাটিতে গড়াগড়ি করে কাঁদছেন আর প্রলাপ বকছেন, ‘ওমরা (স্বামী) কেনে যে গরু কিনবার গেল। এলা মুই ছাওয়া দুইটাক নিয়া কেমন করি বাঁচি থাকিম। কেমন করি চলিম। ওমরা যাওয়ার সময় বলি গেল বেশি রাইত হবার নয়। আসিয়া ভাত খাইবে।’ এদিকে গতকাল দুপুরের পর হারাগাছের আলেফ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে একে একে চার ব্যক্তির জানাজা হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেয়। এরপর নিহত ব্যক্তিদের পারিবারিক জায়গায় তাঁদের দাফন সম্পন্ন হয়।

কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশনমাস্টার বাবু আল রশিদ বলেন, ওই রেলক্রসিংয়ে দিনের বেলা সরকারি নিয়ম অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত একজন কর্মচারী দায়িত্ব পালন করেন। বিকেলের পর এখানে আর কেউ থাকেন না। জনগণকে নিজ দায়িত্ব নিয়ে চলাচল করতে বলা হয়।

প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার মানাস সেতুর কাছে শিবু কুঠিরপাড় রেলক্রসিংয়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ওই চার ব্যক্তির মৃত্যু হয়।