হারাতে বসেছে কেশবপুরের ঐতিহ্যবাহী খেজুর গুড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় খেজুরের গুড় উৎপাদন এলাকা হিসেবে পরিচিত ছিল যশোরের কেশবপুর উপজেলা। এখন সেখানে হাটবাজারে গুড় ও পাটালি তেমন ওঠে না। সহজে মিলছে না গাছির (যিনি গাছ প্রস্তুত করেন) দেখা। উজাড় হচ্ছে খেজুরগাছ। হারাতে বসেছে ঐতিহ্যবাহী খেজুর গুড়। রসের পিঠা।
কেশবপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের হিসাব অনুযায়ী, কেশবপুরে ১ লাখ ১৬ হাজার ৩০টি খেজুরগাছ আছে। এসব গাছ থেকে প্রতি মৌসুমে ২১ হাজার কেজি গুড় ও পাটালি উৎপাদিত হওয়ার কথা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় অনেকে রস সংগ্রহে খেজুরগাছ প্রস্তুত করা বন্ধ করেছেন। কেউ কেউ খেজুরগাছ কেটে বিক্রি করে দিচ্ছেন।
কেশবপুর শহরের বাসিন্দা মশিউর রহমান বলেন, ‘আগে শহরে বসেই খেজুরের রস কিনতাম। এ বছর কেউই রস বিক্রি করতে আসেননি।’ গৃহবধূ কোহিনুর বেগম বলেন, ‘শীতকালে রসের পায়েস ও পিঠা বানানো আমাদের ঐতিহ্যের অংশ। কিন্তু এখন রস পাওয়া যায় না।’ কাশিমপুর গ্রামের আবদুস সালাম বলেন, এ বছর গাছি না পেয়ে নিজের চারটি গাছই কেটে বিক্রি করে দিয়েছেন। একই গ্রামের জামাল শেখ বলেন, তাঁর পাঁচটি গাছ আছে। প্রতিটি গাছ প্রস্তুত করতে ১২০ টাকা লাগে। এ কারণে তিনি আর গাছ কাটাননি। এ বছর শীত মৌসুমে তাঁর বাড়িতে রসের পিঠা তৈরি করা হয়নি।
আবদুল বারিক নামের একজন গাছি বলেন, তিনি ১৫ বছর গাছ কেটে প্রস্তুত করেছেন। বয়স অনেক হয়েছে। গাছে উঠতে কষ্ট লাগে। তাই গত বছর থেকে আর এ কাজ করেন না।
কেশবপুরের খেজুরের গুড় ও পাটালি বিক্রির বাজার হিসেবে পরিচিত গড়ভাঙ্গা বাজারে সম্প্রতি গিয়ে দেখা যায়, বাজারের এক কোনায় কয়েকজন লোক এক শ থেকে দেড় শ ভাঁড় গুড় নিয়ে এবং পাঁচ-ছয়জন পাটালি নিয়ে বসে আছেন।
বাজারে গুড় বিক্রি করতে আসা বেলকাঠী গ্রামের হায়দার খাঁ বলেন, এক ভাঁড় গুড় তিনি ৩৭০ টাকায় বিক্রি করেছেন। যে পরিমাণ জ্বালানি ও শ্রম ব্যয় হয়েছে, তাতে গুড় বিক্রি করে লাভ তো দূরের কথা, লোকসান হয়।
রাজনগর বাকাবর্শী গ্রামের এরশাদ আলী বলেন, তিনি একাই ৯২টি গাছ কেটে প্রস্তুত করেছেন। তাঁদের গ্রামে আরও ৩০০টি খেজুরগাছ আছে। সেগুলো প্রস্তুত করতে পারেননি তিনি।
গড়ভাঙ্গা বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, আগে শীতের সময় হাটের দিন গরুর গাড়িতে করে গুড় আনা হতো। গুড়ের ভিড়ে লোকজন বাজারে চলাচল করতে পারত না। এখন গুড় ও পাটালি বাজারে ওঠে না বললেই চলে।
গুড়ের ব্যাপারী আবদুল মজিদ বলেন, ‘সারা বছর আমরা এই বাজারের গুড় দেশের বিভিন্ন স্থানে পাঠাতাম। এখন গুড় কমে যাওয়ায় ব্যবসা ভালো যাচ্ছে না। চাহিদা থাকা সত্ত্বেও গুড় পাঠাতে পারছি না।’
কেশবপুরের উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, লাভবান না হওয়ায় নতুন করে আর গাছি তৈরি হচ্ছে না। পেশাটি ঝুঁকিপূর্ণ। এ জন্য নতুন করে কেউ এ কাজে আসছেন না। এসব কারণে খেজুরের গুড় ও পাটালির উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে।