হারানো দিনের গানে মুগ্ধ পাবনাবাসী
‘বিমূর্ত এই রাত্রি’ গানের মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইও না’... এমন পরপর কয়েকটি গানে মুগ্ধ হয়ে ওঠেন পাবনাবাসী।
গতকাল শনিবার সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো ‘ফিরে আসি হারানো দিনের গানে’ শিরোনামে একক সংগীতসন্ধ্যা।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন রবীন্দ্রসংগীতে তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও পাবনা বন্ধুসভার যুগ্ম সাংগঠনিক সম্পাদক শেখ তোজা ফাহমিদা চাঁদনী। শুদ্ধ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রঙ্গন-এর আয়োজনে অনুষ্ঠানটিতে সহযোগিতা করছে ঐতিহ্য পাবনা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক। এ সময় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রামদুলাল ভৌমিক।
অম্লান দত্তের উপস্থাপনায় গানের পাশাপাশি আবৃত্তি করেন স্বাধীন মজুমদার ও হিউম্যান কার্ডিওয়াক।