‘শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার পাদপীঠ কুমিল্লা। এখানকার সাংস্কৃতিক মান ছিল চির উন্নত। কালক্রমে ওই ঐতিহ্য ম্লান হয়ে যাচ্ছে। কুমিল্লার হারানো সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রগতিশীল, সংস্কৃতিমনা তরুণ প্রজন্মকে এককাট্টা হয়ে কাজ করতে হবে।’ কুমিল্লা সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকেলে বক্তারা এসব কথা বলেন।
কাল রোববার ওই উৎসব শেষ হবে। কুমিল্লা টাউন হল মিলনায়তনে বিকেল চারটায় ওই উৎসব শুরু হয়। কুমিল্লা সংস্কৃতি উৎসবের আহ্বায়ক এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন উৎসবের পরিচালক মনজুরুল আজিম পলাশ, গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ রানা মুস্তফী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মার্কিন যুক্তরাষ্ট্র ডেস্ক) মাহফুজুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা মালিক খসরু, সংস্কৃতিকর্মী মিচ ট্রাস্টি, শামীম চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ছয়টায় কুমিল্লা অঞ্চলের সাংস্কৃতিক আন্দোলন ও আগামী পথরেখা শীর্ষক এক সেমিনার হয়। পরে বিশেষ স্মরণসংগীত সন্ধ্যা ও নাটক খনা মঞ্চস্থ হয়।