হারানো জমি ফিরে পেল তুরাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুর তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে এ অভিযান শুরু হয়েছে। এখনো তা চলছে। বেলা দুইটা নাগাদ প্রায় ১৩ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাটাসুর এলাকায় প্রায় ২৫ বিঘা নদের অংশ ভরাট ও অবৈধ দখলের মাধ্যমে আবাসন প্রকল্প করছে আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি। এ-সংক্রান্ত একটি সংবাদ ‘তুরাগের ২৫ বিঘা জায়গা দখল করে আবাসন প্রকল্প!’ শিরোনামে গত ১৭ আগস্ট প্রথম আলো য় প্রকাশিত হয়। গত ১০ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে যায়। তখন মেপে দেখা যায়, আরও পাঁচ বিঘা জমি দখল করা হয়েছে। ওই দিন দখলদারদের নিজেদের ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু তারা নিজেরা দখলমুক্ত না করায় আজ বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। উচ্ছেদ অভিযানে মোহাম্মদপুর থানার ২৫ জন পুলিশ ও ৫০ জন শ্রমিক অংশ নিয়েছেন। সেখানে রয়েছে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তুরাগের ২৫ বিঘা জায়গা দখল করে আবাসন প্রকল্প!

আজ সকালে উচ্ছেদ অভিযানের শুরুতে প্রকল্প এলাকায় বড় আকারের একটি পাকা অফিস ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্টের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন নিজেদের পক্ষের কাগজপত্র নিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, আরএস দাগ অনুসারে এই জমি তাঁদের। এগুলো উচ্ছেদে বাধাও দেন তিনি। তখন বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তাঁকে জানান, হাইকোর্টের রায় অনুযায়ী নদীর জায়গা মাপা হয় সিএস দাগ অনুসারে। সিএস দাগ অনুসারে এসব জমি নদীর জায়গা। তাই তাঁরা উচ্ছেদ করছেন। এ সময় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিহানুল হক তাঁকে বেশি বাড়াবাড়ি করলে গ্রেপ্তার করার ভয় দেখালে তিনি সরে যান।

দখল হওয়া ১১টি সীমানাখুঁটির মধ্যে দুইটা নাগাদ পাঁচটি সীমানাখুঁটির ভেতরের প্রায় ১৩ বিঘা জায়গা উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ২১ জুন আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্টের তিনজন পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধারকাজে বাধা দিলে প্রয়োজনে আরও কঠোর আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। সিএস দাগ অনুসারে এটা তুরাগ নদের জায়গা। তাই দখলকারীদের উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হবে। নদের জায়গা নদেকে ফিরিয়ে দেওয়া হবে।