নারায়ণগঞ্জ হাইস্কুলের ১২৫ বছর পূর্তি উৎসব
হারানো দিনকে ফিরে পেয়ে মাতোয়ারা প্রাক্তন শিক্ষার্থীরা
পাশের দেশ ভারত থেকে তো বটেই, সাত সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দূরদূরান্ত থেকেও ছুটে এসেছেন তাঁরা। এসেছেন চিরতরে হারিয়ে ফেলা শৈশব-কৈশোরের সোনালি দিনগুলোর টানে। তাঁরা সবাই নারায়ণগঞ্জ হাইস্কুলের প্রাক্তন ছাত্র। শিক্ষায়তনটির ১২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে তাঁদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনের প্রাণের মেলা। দেশ-বিদেশ থেকে আসা তিন হাজার বিভিন্ন বয়সী প্রাক্তন ছাত্র যোগ দিচ্ছেন এই মিলনমেলায়। ছোটবেলার পুরোনো সহপাঠীকে বহু বছর পর কাছে পেয়ে জড়িয়ে ধরে বলছেন, ‘বন্ধু, কেমন আছিস? মনে পড়ে সেই পুরোনো দিনগুলোর কথা?’ তারপর শুরু হয়ে যাচ্ছে রোজ একসঙ্গে স্কুলে যাওয়া, হাজারো দুষ্টুমি, মান-অভিমান আর শিক্ষকদের দেওয়া মজার সব টাইটেলের গল্প! অনেকে স্কুলের দেয়াল বা আসবাব ছুঁয়ে ও মাঠে ঘুরে বেড়িয়ে খুঁজেছেন পুরোনো স্মৃতির ছোঁয়া। আবার কখনো মেতেছেন বাঁধ ভাঙা আনন্দে। নেচে-গেয়ে এভাবেই তাঁরা কাটিয়েছেন সারা দিন। সকাল ১০টায় স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। রংবেরঙের ফেস্টুন ও ব্যানারে সজ্জিত শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একে কেন্দ্র করে শহরেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী। ১২৫ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক কাশেম জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন ছাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবাজী চক্রবর্তী, সাবেক সচিব নুরুন নবী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোজাম্মেল হক, চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান, স্কুলের ৯৬ বছর বয়সী প্রাক্তন ছাত্র আবদুস সাত্তার, মনোয়ার হোসেন মনা প্রমুখ। উদ্যাপন কমিটির সদস্য-সচিব ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন জানান, দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী প্রাক্তন ছাত্ররা ছুটে এসেছেন এই উৎসবে। কলকাতা থেকে এসেছেন ১৫ থেকে ২০ জন প্রাক্তন ছাত্র।আজ শনিবার বিকেলে হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।১৮৮৫ সালে শহরের নিতাইগঞ্জে সরকারি উদ্যোগে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টির অবস্থান শহরের প্রাণকেন্দ্র সিরাজদৌলাহ সড়কে আদর্শ বালিকা বিদ্যালয়ের কাছে। এ স্কুলটি দেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। ১৯০৫ সালে বর্তমান স্থানে স্থানান্তরিত হয় স্কুলটি। সূচনালগ্নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এ স্কুল থেকে এনট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন শচীভূষণ দত্ত। পরবর্তীকালের কৃতী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সুধীরচন্দ্র মজুমদার, করুণা কেতন সেন, সুনীল গুহ, সুভাষ ভট্টাচার্য প্রমুখ। করুণা কেতন সেন পরিণত বয়সে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব হয়েছিলেন। একসময় অবিভক্ত ভারতের বিভিন্ন স্থানে এ শিক্ষায়তনের খ্যাতি ছড়িয়ে পড়েছিল।এ স্কুলের পরবর্তী সময়ের কৃতী ছাত্রদের মধ্যে আরও রয়েছেন শিল্পী মুস্তাফা মনোয়ার, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর নূরুল ইসলাম, সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী, বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী, শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী, বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধান এয়ার মার্শাল শাহ্ এম জিয়াউর রহমান প্রমুখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ বসু ও শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো ব্যক্তিত্ব এ স্কুলটি দেখতে এসেছেন।