হারানো দিনের গানের সুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারানো দিনের গানের আবেদন এখনো কমেনি। ২৬ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলোর চট্টগ্রাম অঞ্চলের বন্ধুসভার উদ্যোগে আয়োজিত হারানো দিনের গানের আসরে দর্শক সমাগম যেন সে কথাই প্রমাণ করল আরও একবার। বন্ধুদের কণ্ঠে পরিবেশিত হয়েছিল মান্না দে, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আবদুল হাদী ও কিশোর কুমারের মতো খ্যাতনামা শিল্পীদের গাওয়া গানগুলো।

সন্ধ্যা সাড়ে ছয়টায় সায়মা আক্তার ও উৎপল মল্লিকের যৌথ কণ্ঠে ‘আমার মাঝে নেই এখন আমি’ গেয়ে শুরু করেন আসরের। এরপর ‘যাও পাখি বল তারে’ শিরোনামের গানটি পরিবেশন করেন শাকেরা শিমু। ‘আজ এই দিনটাকে’ শিরোনামের গানটি পরিবেশনের মাধ্যমে উৎপল মল্লিক শুনিয়ে যান কেন তিনি দিনটাকে মনের খাঁচায় বেঁধে রাখতে চান। এরপর আবার যৌথ পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শাকেরা শিমু ও তীর্থংকর দাশ। ‘বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম’ শিরোনামের গানটি পরিবেশন করে দর্শককে মাতিয়ে তোলেন সায়মা আক্তার। রাজীব কুমার বিশ্বাসের ‘মিস লংকা’ শিরোনামের গানেও ছিল উচ্ছ্বাস।

এরপর সদ্য প্রয়াত উপমহাদেশের কিংবদন্তী শিল্পী মান্না দে স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা। মান্না দের গাওয়া ‘সবাই তো সুখী হতে চায়’ গানটি পরিবেশন করেন উৎপল মল্লিক। এরপর কথামালা নিয়ে মঞ্চে আসেন সংগীত শিল্পী শান্তনু বিশ্বাস। মান্না দেকে স্মরণ করে তিনি বলেন, মান্না দে সর্বভারতীয় শিল্পী হতে চেয়েছিলেন। বাংলা গান তার বিশাল গানের ভান্ডারের ক্ষুদ্র একটি অংশ মাত্র। প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘মান্না দে কতটা অসাধারণ ছিলেন তা তাঁর গান শুনে অনুধাবন করা অনেক সহজ।’

মান্না দের গাওয়া বিখ্যাত ‘কফি হাউস’ গানটি পরিবেশন করেন তীর্থংকর দাশ। এরপর বিষণ্নতা কাটিয়ে একে একে পরিবেশন করা হয় ‘অনেক সাধনার পরে’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’সহ বেশ কয়েকটি গান। ‘দুঃখটাকে দিলাম ছুটি’ গানটির দলীয় পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।