হারানো শহর ও শামসুর রাহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুর রাহমান

‘হায়, সেই পল্টনের মাঠ, আমার বহু স্মৃতিবিজড়িত মাঠ আর নেই, যে-মাঠে কৈশোরে কখনো নিস্তেজ রোদে বসে কখনো বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা দেখতাম চিনেবাদাম চিবোতে চিবোতে...।’ (আমার ঢাকা, শামসুর রাহমান, প্রথমা প্রকাশন, দ্বিতীয় মুদ্রণ, ফেব্রুয়ারি ২০১৯) পল্টনের মাঠে বসে অথবা দাঁড়িয়ে মাওলানা ভাসানী আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীপ্তিমান, উদাত্ত বক্তৃতা শোনার স্মৃতিচারণাও করেছেন কবি।

এর আগে স্মৃতির শহর (প্রথমা প্রকাশন, চতুর্থ মুদ্রণ, জানুয়ারি ২০১৭) শিরোনামে পূর্ণাঙ্গ বই তো লিখেছেনই কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬); একই সঙ্গে তাঁর কবিতা ও গদ্যের ভূভাগে হারিয়ে যাওয়া ঢাকার স্মৃতি ও সৌন্দর্য উপচে পড়েছে মুহুর্মুহু। স্মৃতির শহর রূপকথার গল্প বলার ঢঙে শিশু-কিশোরের উপযোগী বই, আবার তা শামসুর রাহমানের স্মৃতির সম্পদে ও গদ্যগুণে হয়ে উঠেছে সব পাঠকের প্রিয়। আমার ঢাকা বইটিকে একদিকে স্মৃতির শহর-এর সম্পূরক বই বলা চলে, আবার অন্যদিকে তা স্বাতন্ত্র্যেও সমুজ্জ্বল। কারণ, এতে সংকলিত হয়েছে ঢাকাকে কেন্দ্র করে লেখা তাঁর স্মরণীয় কবিতা এবং বিস্মৃতপ্রায় গদ্যগুচ্ছ।

২

কবি শামসুর রাহমানের জন্ম নরসিংদীর পাড়াতলীতে হলেও বেড়ে ওঠা, লেখাপড়া, সাহিত্যমগ্নতা, সংগ্রাম ও স্বপ্ন—সবই বিকশিত হয়েছে ঢাকাকে কেন্দ্র করে। তাঁর অনুভূতিতে ঢাকা ধরা দেয় এভাবে, ‘ঢাকা, আনন্দের মতো জেগে থাকে আমার চেতনায়। ওর চোখ থেকে চোখ ফেরাতে পারি না। এই দৃষ্টি আমার বহুদিনের চেনা। এই দৃষ্টি আমার সত্তায় সব সময় সজীবতা সঞ্চারিত করে, আমি নতুন হয়ে উঠি ফিনিক্স পাখির মতো।’

কবির কাছে ঢাকা মানে হঠাৎ আলোর ঝলকানি। ঢাকার অলিগলি, রাজপথ থেকে পুরোনো বইয়ের বাজার তাঁর প্রিয় ছিল খুব, ‘অনেক বছর আগেকার কথা। তখন বাংলাবাজারে বেশ কিছু পুরোনো বইয়ের দোকান ছিল। সেসব দোকানে নানা ধরনের পুরোনো বই পাওয়া যেত। জীর্ণ, কীটদষ্ট পাতা, কিন্তু মূল্যবান বই। কোনো কোনো বইয়ের প্রথম সংস্করণ, দুর্লভ বই। এক অর্থে খুবই দামি বই, অথচ সুলভ দাম। মনে পড়ে, দান্তে গ্যাব্রিয়েল রসেটির বড় বড় কাব্যসংকলন কিনেছিলাম দেড় টাকা দিয়ে।’

ঢাকায় কবির প্রিয় আড্ডাস্থল বিউটি বোর্ডিং যেমন তাঁর কবিতাভাষা লাভ করেছে, তেমনি মধুর ক্যানটিনও উদ্ভাসিত হয়ে এসেছে স্মৃতির পটে, ‘মধুদার ক্যানটিনের চা, শিঙাড়া, ডিমের পোচ খাননি এমন ছাত্রের সংখ্যা বিরল। যাঁরা কোনো দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, তাঁদের অনেকেই এখানে এসেছেন কোনো না কোনো কাজে। অনেকে এমনিতেই এসেছেন সেই পরিবেশের একটু স্পর্শ নিতে, ঘ্রাণ পেতে।’

মুক্তিযুদ্ধের ৫০ বছরে ফিরে তাকানো যাক হানাদারকবলিত ঢাকায় কবির দুঃসহ বাস আর তারপর ঢাকা ও বাংলাদেশের বিজয়ী শব্দচিত্রে:

‘আমাদের বন্দিদশার ঢাকাকে আমার প্রায়ই মনে হতো কাম্যুর প্লেগ উপন্যাসের ওরান শহরের মতো। যেন প্লেগের বীজাণু ছড়িয়ে পড়েছে ঢাকার অলিতে-গলিতে। ১৫ ডিসেম্বরের সন্ত্রস্ত বিকেল। আমাদের স্তব্ধ গলি হঠাৎ চঞ্চল হয়ে উঠল। পরে হানাদার ও তাদের অনুচরেরা ঢাকা শহরের বাসিন্দাদের খতম করবার প্ল্যান এঁটেছে, এমন একটা খবর রটে গেল। আমরা বেঁচে গেলাম শেষ পর্যন্ত। ঢাকার বুক থেকে প্লেগের বীজাণু নির্মূল হলো। শহরের পথে পথে ন’ মাস পর আবার ধ্বনিত হলো বাঙালিদের জয়ধ্বনি—“জয় বাংলা”।’

আমার ঢাকা শামসুর রাহমান
প্রথমা প্রকাশন

ঢাকা তো কবি নজরুলেরও স্মৃতিমাখা শহর। সেই স্মৃতির শহরে ১৯৭৬-এ নজরুলের শেষবিদায়ের মুহূর্তটি শামসুর রাহমান তাঁর বিধুর ভাষায় ধরে রেখেছেন ইতিহাসের পাতায়, ‘সূর্য যখন কৃষ্ণচূড়ার পাতায় পাতায়, রমনার ঘাসে, বিশ্ববিদ্যালয় ভবন ও পাবলিক লাইব্রেরির দেয়ালে জাফরানি রোদ ঝরিয়ে এলিয়ে পড়ছিল পশ্চিম দিকে, তখন তাঁকে, কাজী নজরুল ইসলামকে, নামানো হলো কবরে। “বিদায় নজরুল”, রমনার বুক চিরে বেরিয়ে এল বেদনার্ত স্বর। বিদায় নজরুল, ঐতিহাসিক ঢাকা নগরী গাঢ় বেজে উঠল শোকার্ত বিউগলের মতো।’

ঢাকা যেমন কবির একান্ত নিজের নগর, তেমনি তা বিপন্ন মানুষেরও নগর। তাই কবি প্রিয় বৃষ্টির কথা বলতে গিয়ে ভাবতে ভোলেন না বৃষ্টিতে নাকাল সাধারণ মানুষের কথা, ‘বর্ষা আমার ভালো লাগে। কিন্তু যখন পুরোনো ঢাকার কথা ভাবি, আমার বাসস্থানের কথা ভাবি, যখন ভরা বর্ষায় ঢাকার নিচু এলাকার বাসিন্দা হওয়ার খেসারত দিতে হয় পদে পদে, তখন আবার বর্ষাবিমুখ হয়ে পড়ি।’

৩

শামসুর রাহমান নেই। তাঁর সেই স্মৃতির শহরও আর আগের রূপছবিতে নেই। তবু কবিহীন ঢাকায় গুলিস্তানে এক চক্কর দিতে গিয়ে দেখি নূর হোসেন স্কয়ারে ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ বলে শামসুর রাহমান দাঁড়িয়ে, শাহবাগের নিঝুম স্থাপত্য পেরোতে গিয়ে দেখি সেখানেও শামসুর রাহমান; বলছেন, ‘নিঝুম স্থাপত্য আজ মিলনের প্রতিবাদী মুখ’, তারপর দুঃসহ যানজট ঠেলে আসাদ গেট অতিক্রম করতে করতেও শোনা যায় শামসুর রাহমানের অনিবার্য কবিকণ্ঠ, ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’। এভাবে ঘনীভূত আঁধার তাড়াতে তাড়াতে শামসুর রাহমান পাঠ করে চলেন ঢাকার কথা, চিরজ্যোৎস্নার কথা, ‘জ্যোৎস্নায় ভাসছ তুমি ঢাকা বেসামাল পূর্ণিমায়/ যাব না স্বাস্থ্যের লোভে কোনো শৈলবাসে,/ তুমি আছ, থেকো; আমার অসুখ সেরে যাবে।’