হারানো সুমি হারিয়েই গেলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরের একটি ভবনের ছাদ থেকে পড়ে সুমি আক্তার ওরফে লিপি (১৮) নামের একজন মারা গেছেন। গতকাল বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

সুমি ‘সামাজিক পুনরুদ্ধার ও সংশোধন সমিতি’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। এনজিওর পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মিরপুর ১ নম্বরের দারুসসালাম রোডে শাহ আলীবাগ এলাকার ২/বি ঠিকানায় ‘সামাজিক পুনরুদ্ধার ও সংশোধন সমিতি’ অবস্থিত। এনজিওটি বাংলাদেশ পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের সহযোগী। বাংলাদেশ পুলিশ এ এনজিওসহ মোট ১০টি এনজিওর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে। ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রথমে আশ্রয় নেওয়া হারিয়ে যাওয়া বা নির্যাতনের শিকার নারী ও শিশুদের পরবর্তী সময়ে বিভিন্ন প্রশিক্ষণ ও সমাজে পুনর্বাসনের জন্য এ সংগঠনগুলোর কাছে পাঠানো হয়। ভিকটিম সাপোর্ট সেন্টার সুমিকে দুই থেকে আড়াই বছর আগে এনজিওটির কাছে প্রশিক্ষণের জন্য পাঠায়।

সামাজিক পুনরুদ্ধার ও সংশোধন সমিতির নির্বাহী কর্মকর্তা নাসিরউদ্দিন প্রথম আলো কে বলেন, সুমি ছিল হারিয়ে যাওয়া মেয়ে। তাঁর কোনো ঠিকানা পাওয়া যায়নি। তাই নিয়ম অনুযায়ী, এনজিওতে আবাসিকভাবে এক থেকে দেড় বছর পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার কথা থাকলেও সুমি এর থেকেও বেশি দিন ধরে ছিলেন। এখানে বর্তমানে ৪৪ জন নারী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন।

ঘটনার কারণ জানতে চাইলে নাসিরউদ্দিন বলেন, ‘আমাদের সমিতির পাশেই একটি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানকার এক ছেলের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমে উদ্বেলিত হয়েই সে ছাদ দিয়ে পালাতে গিয়েছিল। তাঁকে এ কাজে সহায়তা করে অন্য দুই প্রশিক্ষণার্থী।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত সমিতিটিতে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি। তিনি জানালেন, সমিতিতে হোস্টেল সুপার আছে। ভবনটির ছাদে বাড়তি নিরাপত্তার জন্য টিন দিয়ে দেয়ালও তৈরি করা আছে।

রাজধানীর তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে সুমির ঘটনা সম্পর্কে যোগাযোগ করা হলে নামপ্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আমরা দুই থেকে আড়াই বছর আগে সুমিকে সেই সমিতির কাছে দিয়ে দিয়েছি। এখন এ ঘটনার দায় আমাদের না।’