হারাবতি নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ১২ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হারাবতি নদীর ওপর সেতু না থাকায় ওই এলাকার ১২ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, ৪২ বছর ধরে এলাকার মানুষ একটা সেতুর জন্য আবেদন করে আসছে। কিন্তু জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবে আজ পর্যন্ত কোনো সেতু হয়নি।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্ব দিকে আওলাই ইউনিয়নের শিরট্টি বাজার। এ এলাকায় কুয়াতপুর-শিরট্টি সড়ককে বিচ্ছিন্ন করেছে হারাবতি নদী। নদীর ওপর আছে তিন হাত চওড়া একটি বাঁশের সাঁকো। সেখান দিয়ে পারাপার হচ্ছেন মানুষজন।
শিরট্টি বাজারের লোকজন বলেন, হারাবতি নদীতে সেতু না থাকায় বাঁশখুর, কুয়াতপুর, বড়পুকুরিয়া, সালাইপুর, সোনাকুল, কুসুম্বা, চিকনমাটিয়া, কাঁশড়া-গোবিন্দপুর, ভাড়াহুত, গোরনা, চাঁটখুর ও হরিপুর গ্রামের লোকজন বাঁশের নড়বড়ে সেতু দিয়ে পারাপার হয়। সেতু না থাকায় ওই এলাকার কৃষকের অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরে পণ্য বাজারে নিতে হচ্ছে। বাঁশখুর গ্রামের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, সেতু না থাকায় বাঁশখুর গ্রাম থেকে ৮-১০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে শিরট্টি বাজারে যেতে হয়।
শিরট্টি বাজারে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বেসরকারি উচ্চবিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ। সেতুর অভাবে এ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। স্থানীয় বাসিন্দা হাবিবা বেগম জানান, ১০ গ্রামের শিক্ষার্থীরা ছোট ডিঙিনৌকা নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। কিন্তু বর্ষা মৌসুমে ছোটদের এভাবে পারাপার করা ঝুঁকিপূর্ণ। বেশি বৃষ্টিপাত হলে নদীর এপার থেকে অনেকেই বিদ্যালয়ে যায় না।
আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে এত বড় সেতু নির্মাণ করা সম্ভব নয়। স্থানীয় সংসদ সদস্যদের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সেতু না থাকায় এলাকার হাজার হাজার মানুষ কষ্ট ভোগ করছে।
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম বলেন, এ সরকারের আমলেই ওই জনগুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণ করা হবে।