হারিকেনের আলোয় যাত্রীসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার দশক আগে স্থাপিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশন আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। এখানে এসে যাত্রীরা ন্যূনতম সেবাও পান না। রাতে হারিকেন ও কুপিবাতির আলোয় চলে কার্যক্রম।

এলাকাবাসী ও রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছকাপন রেলস্টেশন ১৯৭৫-৭৬ অর্থবছরে স্থাপিত হয়। এরপর স্টেশনের কোনো উন্নয়ন হয়নি। এখানে বিদ্যুৎ, টেলিফোন, প্ল্যাটফর্ম ও শৌচাগারও নেই। এই স্টেশন দিয়ে কুলাউড়ার উপজেলার কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়নের কয়েক শ লোক বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এ ছাড়া এসব এলাকার ৫০-৬০ জন শিক্ষার্থী প্রতিদিন সিলেট ও কুলাউড়ায় আসা যাওয়া করেন। প্রতিদিন ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল সকাল ১০টা ৪০ মিনিটে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস সকাল ৮টা ৫২ মিনিটে ও আখাউড়া থেকে ছেড়ে আসা কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন বেলা ১১টা ২০ মিনিটে এই স্টেশনে আসে। একইভাবে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল রাত ৯টা ৫৫ মিনিটে, চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস রাত ১২টা ১২ মিনিটে ও আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস বিকেল ৬টা ২০ মিনিটে এ স্টেশনে আসে। কিন্তু বিদ্যুৎ না থাকায় রাতে যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে ভীষণ সমস্যা হয়।

কয়েক দিন রাতের বেলায় সরেজমিনে দেখা গেছে, স্টেশনের মাত্র ৩০০ মিটার দূরে ছকাপন বাজারে বিদ্যুৎ আছে। অথচ এখানে বিদ্যুৎ নেই। স্টেশনের ভেতরের কক্ষে হারিকেন জ্বালিয়ে দাপ্তরিক কাজ করছেন বুকিং ক্লার্ক আবুল বাশার। ১৯৮৭ সাল থেকে তিনি এই স্টেশনে আছেন। বর্তমানে তিনি স্টেশনমাস্টারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

আবুল বাশার বলেন, ‘জয়েনের (যোগদান) পর থাকিই বিদ্যুতের জন্য চেষ্টা-তদবির করছি। কাজ হয় না। বয়স হয়ে গেছে। চাকরি আর মাত্র দেড় বছর আছে। এখন চুপচাপ বসে আছি।’

ছকাপন এলাকার বাসিন্দা সৈয়দ আবদুল হামিদ মাহফুজ বলেন, স্টেশনে বিদ্যুৎ ও টেলিফোনের সংযোগ, শৌচাগার স্থাপন, ডেমু ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবিতে গত বছরের ১৩ জুলাই এলাকাবাসীর উদ্যোগে স্টেশনের সামনে মানববন্ধন হয়। এসব দাবিতে ইউএনও মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় কঠোর কর্মসূচি ঘোষণার চিন্তাভাবনা চলছে।

সিলেট রেল সেকশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সিরাজুল ইসলাম বলেন, ছকাপন স্টেশনে বিদ্যুৎ-সংযোগের বিষয়টি ২০১৬-১৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। পিডিবি কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এ ব্যাপারে প্রাক্কলন নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অর্থের বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে।