হারিছ, আরিফুলসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গতকাল রোববার গ্রহণ করেছেন আদালত। এরপর এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছসহ ১১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অভিযোগপত্র গ্রহণকে কেন্দ্র করে আদালত এলাকায় ও হবিগঞ্জ শহরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রশিদ আহমদ মিলন সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মেহেরুন নেসা গত ১৩ নভেম্বর তৃতীয়বারের মতো সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এতে হারিছ চৌধুরী, আরিফুল হক, জিকে গউছ, হাফেজ মো. ইয়াহিয়া, আবু বকর করিম, দেলোয়ার হোসেন, শেখ ফরিদ, আবদুল জলিলসহ নয়জনকে নতুন করে এবং আগের ২৬ জনসহ মোট ৩৫ জনকে অভিযুক্ত করা হয়।
এই অভিযোগপত্রে আরিফুল হক ও গউছের নাম-ঠিকানায় ভুল থাকায় তদন্তকারী কর্মকর্তা ৩ ডিসেম্বর তা সংশোধনের জন্য আবেদন করেন আদালতে। আদালত তা সংশোধন করে ২১ ডিসেম্বর (গতকাল রোববার) আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
এ মামলার শুনানির সময় গতকাল আদালত এলাকায় (প্রধান সড়কে) আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগেই আদালত এলাকায় অবস্থান নেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। তাঁরা অভিযোগপত্র বাতিলের দাবিতে স্লোগান দিতে দিতে ছাত্রলীগের মানববন্ধনের কাছাকাছি গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষে চলে পাল্টাপাল্টি ধাওয়া। একপর্যায়ে সংঘর্ষ বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে ছাত্রলীগের সাঈদ খোকন (২৫), জাকির হোসেন (২২), রিপন মিয়া (২৩) ও যুবদলের এমরান মিয়াকে (২৫) হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ চারজন নিহত হন। আহত হন ৭০ জন। পরদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (তৎকালীন সাংগঠনিক সম্পাদক) ও সাংসদ আবদুল মজিদ খান হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
হামলার ঘটনায় ২০০৫ সালের ১৯ মার্চ প্রথম অভিযোগপত্র দাখিল করেন সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান। এতে আসামি করা ১০ জনকে। তাঁর হলেন: শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও তৎকালীন হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আবদুল কাইয়ুম, ব্র্যাক ব্যাংকের স্থানীয় কর্মকর্তা আয়াত আলী, সাইনবোর্ড লেখক কাজল মিয়া, জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, স্কুলশিক্ষক শাহেদ আলী, তাজুল ইসলাম, একই এলাকার জয়নাল আবেদীন জালাল, লস্করপুর বিএনপির নেতা জমির আলী, ডাকপিয়ন জয়নাল আবেদীন মোমিন ও ছাত্রদলের কর্মী মহিবুর রহমানকে।
২০১১ সালের ২০ জুন দ্বিতীয় দফায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম। এতে নতুন করে আসামি করা হয় ১৬ জনকে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে হরকাতুল জিহাদের (হুজি) সম্পৃক্ততা খুঁজে পান তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে নতুন করে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিন, মুফতি সফিকুর রহমান, মুফতি আবদুল হাই, আবু জান্দাল, মহিব উল্লাহ, শরীফ সাহেদুল আলম, সৈয়দ নাঈম আহমদ আরিফ, বদরুল আলম মিজান, মিজানুর রহমান, আবুল মাজেদ বাট, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী, হাসান উল্লাহ ও ইউসুফ বিন শরীফকে।
প্রথম ও দ্বিতীয় দফার অভিযোগপত্র নিয়ে আপত্তি করেন কিবরিয়ার পরিবার ও বাদী। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৫ ডিসেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল পাঁচটি নির্দেশনা দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন সিআইডিকে।
এএসপি মেহেরুন নেসা ২০১২ সালের ২০ মার্চ থেকে এ মামলার তদন্ত করেন। তৃতীয় দফায় নতুন নয়জনসহ মোট ৩৫ জনের নাম দেওয়া হয়। এঁদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ বর্তমানে ২১ জন গ্রেপ্তার রয়েছেন। আর বিএনপির নেতা হারিছ চৌধুরী, আরিফুল হক, জিকে গউছসহ ১৪ জনকে পলাতক দেখানো হয়।
এই ১৪ জনের মধ্যে ইউসুফ বিন শরীফ ও আবু বকর ওরফে কবিরের কোনো ঠিকানা পাওয়া যায়নি। হাসান উল্লাহ ভারতে ক্রসফারারে মারা গেছেন। তাঁদের ব্যাপারে আজ আদালত কোনো আদেশ দেননি।
তদন্ত কর্মকর্তা মেহেরুন নেসার ভাষ্য, আদালতের নির্দেশনা অনুযায়ী অধিকতর তদন্তে গ্রেনেডের উৎস বের করা হয়েছে। মাওলানা তাজউদ্দিন ও আবুল মাজেদ বাট এ গ্রেনেডের জোগানদাতা। জনসভায় তা নিক্ষেপ করেন বদরুল আলম মিজান।
গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্য থেকে মুফতি আবদুল হান্নান, আবুল মাজেদ বাট, সৈয়দ নাঈম আহমেদ আরিফ, শরীফ সাহেদুল আলম, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান ও আবদুস সালাম এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।