হারিছ চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিবরিয়া হত্যা
কিবরিয়া হত্যা

আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামি হারিছ চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হারিছ চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও জেলা জজ আতাবুল্লাহ এই পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলার অন্যতম আসামি হুজি নেতা মুফতি হান্নানসহ ১১ আসামিকে হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল মো. আতাবুল্লাহর আদালতে হাজির করা হয়। তবে এ মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম কিবরিয়া গউছকে (জি কে গউছ) আদালতে হাজির করা হয়নি। এ ছাড়া জামিনে থাকা আট আসামি আদালতে হাজিরা দেন। মামলার পরবর্তী তারিখ ২৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র হবিগঞ্জের আমলি আদালতে দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গউছ এবং মুফতি হান্নানসহ ৩২ জনকে অভিযুক্ত করা হয়। এর আগে ২০১৪ সালের ১৩ নভেম্বর শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচ হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়া হয়। তাতেও একই ব্যক্তিদের অভিযুক্ত করা হয়।
আলোচিত এই হত্যা মামলায় লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ জন বর্তমানে কারাগারে আছেন। পলাতক রয়েছেন হারিছ চৌধুরী, মাওলানা তাজ উদ্দিন, মুফতি সফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মোহাম্মদ আলী, মো. বদরুল আলম, আহসান উল্লাহ কাজল, ইউসুফ বিন শরীফ, হাফেজ ইয়াহিয়া ও আবু বকর করিমসহ ১০ জন। জামিনে আছেন আট আসামি।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে মুফতি আবদুল হান্নান, আবদুল মাজেদ ভাট, সৈয়দ নাঈম আহমেদ আরিফ, শরীফ সাহেদুল আলম, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান ও আবদুল সালাম এ হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। একই ঘটনায় নিহত হন স্থানীয় আওয়ামী লীগের চার নেতা-কর্মী। আহত হন ৭০ জন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে পরের দিন হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।