হারিছ চৌধুরীর এপিএসের সাজা এক বছর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত জিয়াউল ইসলাম ওরফে মুন্নার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে গত ১৫ এপ্রিল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৬ এপ্রিল জিয়াউল ইসলাম কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

জিয়াউল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর এপিএস ছিলেন। এই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম এবং ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খানের সাত বছর করে সাজা হয়। এই মামলাসহ দুই মামলায় খালেদা জিয়ার সাজাও স্থগিত করে তাঁকে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, মনিরুল ইসলামের সাজা স্থগিতেরও প্রক্রিয়া চলছে। তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন। হারিছ চৌধুরী এখনো পলাতক।

মামলার রায়ে বলা হয়েছিল, জিয়াউল ইসলামের অপরাধ, তিনি বিভিন্ন সময় পে-ইন স্লিপের মাধ্যমে সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্টে টাকা জমা করেন। হারিছ চৌধুরীর নামে অন্য যেসব পে-অর্ডার আসত, তা-ও তিনি জমা করতেন। দুর্নীতিতে সহায়তার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে কয়েদি জিয়াউল ইসলামের অবশিষ্ট সাজা ১৫ এপ্রিল থেকে পরবর্তী এক বছরের জন্য স্থগিত করা হলো। রাষ্ট্রপতির আদেশে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব আবু সাঈদ মোল্লা। প্রজ্ঞাপনের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, পুলিশের মহাপরিদর্শক, আইন ও বিচার বিভাগের সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ ১২ জনকে পাঠানো হয়েছে।