হারিছ চৌধুরীসহ ১০ জনের মালামাল ক্রোকের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিবরিয়া হত্যাকাণ্ড
কিবরিয়া হত্যাকাণ্ড

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় করা বিস্ফোরক মামলায় বিএনপির নেতা হারিছ চৌধুরীসহ ১০ আসামির মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার মামলার শুনানির দিনে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল জজ-১ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ এ আদেশ দেন।
আদালতে গ্রেপ্তারকৃত ১৪ আসামির মধ্যে মুফতি হান্নানসহ ১১ জনকে বিশেষ নিরাপত্তায় হাজির করা হয়। তবে অন্যতম আসামি বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে আদালতে হাজির করা হয়নি।
আলোচিত এ মামলায় পলাতক আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী ছাড়াও মাওলানা তাজউদ্দিন, মুফতি সফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মোহাম্মদ আলী, মো. বদরুল আলম, কাজল মিয়া, মাওলানা ইয়াহিয়া, মহিবুর রহমান ও আবদুল জলিল। গতকাল শুনানিতে আদালত এই ১০ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেন এবং মামলার পরবর্তী তারিখ ধার্য করেন ৩১ মার্চ। গত ৫ জানুয়ারি এই আসামিদের বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। ওই দিন মামলার সম্পূরক অভিযোগপত্রও আমলে নিয়েছিলেন আদালত।
গত বছরের ১১ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলার সম্পূরক অভিযোগপত্র দিয়েছিল। তাতে হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গউছ ও মুফতি হান্নানসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ নিহত হন দলটির পাঁচজন নেতা-কর্মী। আহত হন প্রায় ৭০ জন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান পরদিন হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। বিস্ফোরক মামলার কার্যক্রম চলছে হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল জজ-১ আদালতে। আর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে হত্যা মামলা।