সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১০ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞপ্তি প্রকাশসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আগামী ২ জুন। গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কিবরিয়া হত্যা মামলার শুনানির নির্ধারিত তারিখ ছিল গতকাল। শুনানিতে ক্রোক আদেশ তামিল হয়েছে কি না, পুলিশের কাছে তা জানতে চান বিচারক। এ সময় পুলিশ রাষ্ট্রপক্ষকে জানায়, সব পলাতক আসামির মালামাল ক্রোকের আদেশ তামিলের চিঠি পৌঁছেছে। পরে বিচারক নিশাত সুলতানা পলাতক আসামিদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এর আগে হারিছ চৌধুরীর ঢাকার ঠিকানায় কোনো মালামাল না পাওয়ায় ক্রোকের আদেশ তামিলে বিলম্ব হয়। এতে বিচারকাজে বিঘ্ন ঘটে। বিচারক গত ২৭ এপ্রিল হারিছ চৌধুরীর সিলেটের স্থায়ী ঠিকানায় ক্রোকের আদেশ তামিলের নির্দেশ দেন। সেই নির্দেশ যথাসময়ে তামিল করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ।
এদিকে এ মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছসহ কোনো আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়নি। তবে মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা আটজন আসামি এ সময় আদালতে হাজির হন। আগামী ২ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।