বিগত জোট সরকারের শেষ সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের ‘ষড়যন্ত্রতত্ত্বের’ ছড়াছড়ি—এমন প্রেক্ষাপটে সরকারের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তবে তিনি আশা প্রকাশ করে এ-ও বলেছিলেন, হারিছ চৌধুরীর মতো ‘সবচেয়ে বাজে লোকজনের’ মধ্যে কিছুসংখ্যককে তাড়াতে পারলে বিএনপি জঙ্গিবাদ মোকাবিলায় বেশি সক্ষম এবং সমঝোতায় আওয়ামী লীগের তুলনায় বেশি নমনীয় হতো।২০০৬ সালের ৩১ মে ওয়াশিংটনে পাঠানো ঢাকার মার্কিন দূতাবাসের এক তারবার্তায় এ কথা বলা হয়। এতে বলা হয়েছে, ১৯ মে দূতাবাসের এক কর্মকর্তাকে কথাগুলো বলেছিলেন বাবর। এটি উইকিলিকসের ফাঁস করা অন্যতম তারবার্তা।মার্কিন তারবার্তায় বলা হয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, দুর্নীতি ও সুশাসনের অভাবের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপি সরকারের ওপর হতাশ হয়ে পড়তে পারে। তারা ‘ভুলভাবে’ এই সিদ্ধান্ত নিয়ে বসতে পারে যে বিএনপি ছাড়া অন্য কোনো দলের সরকার তাদের স্বার্থের জন্য উপযুক্ত হবে। তারবার্তা অনুযায়ী, বাবর বলেন, ক্রমেই অস্থির হয়ে ওঠা সুশীল সমাজ, বিশেষ করে নির্বাচনে সৎ প্রার্থীদের মনোনয়ন নিয়ে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস এবং একটি বেসরকারি সংস্থার প্রচেষ্টা বিএনপির নেতৃত্বাধীন সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারে, যদি তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পায়।দূতাবাসের তারবার্তায় আরও বলা হয়, গত সপ্তাহে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় সহিংসতা ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের অসুস্থতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক গুজব ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছে, ইয়াজউদ্দিনকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন। এতে করে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আগামী নির্বাচনে কারচুপির সুযোগ পাবেন এবং তাঁর দল জয়ী হলে ছেলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারবেন।