হারিয়ে গেছে গৌরনদীর ৫০ খাল

বরিশালের গৌরনদী উপজেলার প্রায় ৫০টি খালের অস্তিত্ব নেই। এ ছাড়া আরও প্রায় ২০টি খাল নাব্যতা হারানোর হুমকির মধ্যে রয়েছে। এসব খাল হারিয়ে যাওয়ায় সেচসংকট, জলাবদ্ধতাসহ নানা সমস্যা দেখা দিয়েছে।
গৌরনদী পৌরসভার মেয়র হারিসুর রহমান জানান, গত দুই বছরে পৌর এলাকার দুই শতাধিক পুকুর ও জলাশয় ভরাট হয়ে গেছে।
উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার (জরিপকারক) আবুল কালাম জানান, ১৯৫০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পরিচালিত এসএ (স্টেট একুইজিশন) জরিপের নকশা অনুযায়ী উপজেলায় শতাধিক ছোট-বড় খাল ছিল। উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের তথ্যমতে, বর্তমান মাঠজরিপ (১৯৮৭ সাল থেকে চলমান) অনুযায়ী উপজেলায় ৭০টি খাল আছে।
উপজেলা সেটেলমেন্ট সার্ভেয়ার এ বি এম ইউনুস ও নকশাকারক লুৎফুন নাহার বলেন, গত ৪৩ বছরে ৫০টি খাল হারিয়ে গেছে। এর মধ্যে দখলের কারণে ১২টি, অপরিকল্পিত স্লুইসগেট (জলকপাট) নির্মাণের কারণে খালের মুখ ভরাট হয়ে ২০টি ও নাব্যতা হ্রাসের কারণে ১৮টি খাল হারিয়ে গেছে। তাঁরা জানান, এসএ নকশা অনুযায়ী খালগুলোর চিহ্ন এখন না থাকলেও নতুন নকশায় তাঁরা খালগুলোর অস্তিত্ব বজায় রেখেছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের উপবিভাগীয় প্রকৌশলীর দপ্তরের (গৌরনদী) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পাউবো উপজেলায় গত ১০ বছরে বিভিন্ন খালে ২০টি জলকপাট ও ৩০টি ইনলেট (পানিনিষ্কাশনের পাইপ) স্থাপন করেছে। অপরিকল্পিতভাবে এগুলো স্থাপনের কারণে পলি জমে এসব খাল ভরাট হয়ে গেছে। অবশ্য একই দপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের বলেন, জলকপাট বা ইনলেট নির্মাণের কারণে খাল ভরাট হওয়ার কথা সত্য নয়।
সরেজমিনে খাঞ্জাপুর ইউনিয়নের ইলা বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, ইলা-খাঞ্জাপুর খালটির সংযোগমুখ দখল করে আওয়ামী লীগের সমর্থক আরজ আলী পাকা স্থাপনাসহ চাতাল তৈরি করেছেন। তবে আরজ আলীর দাবি, এটি তেমন কোনো খাল নয়, খালটি আগে থেকেই ভরাট ছিল। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান জানান, ইউনিয়নের বৌসের খাল, দক্ষিণ মাগুরাসহ সাতটি খালের অস্তিত্ব না থাকায় এলাকার প্রায় ২০ হাজার কৃষক বোরো চাষ করতে পারছেন না।
সরেজমিনে ঘুরে ও স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গয়নাঘাটা থেকে রাজিহার পর্য়ন্ত খালটি বিলীন হয়ে গেছে। উত্তর বিজয়পুর গ্রামের সেলিম ভূঁইয়া জানান, খালের সংযোগমুখে গয়নাঘাট সেতুর পাশে জলকপাট নির্মাণ করায় খালটি ভরাট হয়ে গেছে।
খাঞ্জাপুরের বাকাই এলাকায় বাকাই-মাগুরা খালের সংযোগমুখ দখল করে ভবন নির্মাণ করেছেন বাকাই বাজার কমিটির সভাপতি মো. শাহজাহান। এলাকার অনেকের অভিযোগ, খালে এভাবে ভবন নির্মাণ করার ফলেই খালটি নাব্যতা হারিয়েছে। অবশ্য মো. শাহজাহান দাবি করেন তিনি নিজের জমিতেই ভবন নির্মাণ করেছেন।
উপজেলার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পালরদী খালটিও ভরাট হয়ে গেছে। গৌরনদী বন্দরের ব্যবসায়ী বেলাল মাঝি ও আলমগীর হোসেন জানান, একসময় এ খালে বড় বড় লঞ্চ চলত। ব্যবসায়ীরা কম খরচে নৌযানে করে পণ্য আনা-নেওয়া করতেন। খালটি নাব্যতা হারানোয় এখন টরকী থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কয়ারিয়া ঘাটে লঞ্চ থামে। সেখান থেকে টেম্পু ও ভ্যানে করে পণ্য বন্দরে আনা-নেওয়া করতে হয়। এতে বন্দরের ব্যবসায়ীদের পরিবহন খরচ বাবদ মাসে প্রায় কোটি টাকা বেশি লাগে।
গয়নাঘাট-আশোকাঠি খালটির কোনো চিহ্ন নেই। খালটি দখল করে অবৈধ স্থপনা নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
মাহিলাড়া-ছয়গ্রাম খালের সংযোগমুখে মাহিলাড়া সেতুর পশ্চিম পাশে কতিপয় প্রভাবশালী খালের ওপর ভবন নির্মাণ করেছেন। পানির প্রবাহ থেমে থাকায় ক্রমেই খালটি অস্তিত্ব হারিয়ে ফেলছে। টরকী-সাউদের খালের প্রায় পৌনে এক কিলোমিটারজুড়ে ভরাট করে পাকা-আধা পাকা অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়নের সাতটি, বাটাজোরের ছয়টি, নলচিড়ার আটটি ও শরীকল ইউনিয়নের পাঁচটি খালের অস্তিত্ব নেই বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানান।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর হোসেন জানান, কৃষি কার্যালয়ের ২০১১ সালের জরিপ অনুযায়ী উপজেলায় গত ৩০ বছরে ১৭টি সম্পূর্ণ এবং ২৩টি খাল আংশিক ভরাট হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘খাল রক্ষায় সরকারের কোনো বিভাগের তেমন কোনো উদ্যোগ নেই। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বরিশালের উচ্চতর উপসহকারী প্রকৌশলী মতিলাল রায় জানান, উপজেলায় ৫০টি খাল ভরাট হয়ে যাওয়ায় প্রতিটি ইউনিয়নেই বোরো চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।