হারিয়েই কি যাবে সাতক্ষীরার গাবুরা ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামনগর উপজেলার ১২টির মধ্যে দ্বীপ ইউনিয়ন গাবুরার জীবন্ত সমস্যা টেকসই বেড়িবাঁধ। ছবি: লেখক
শ্যামনগর উপজেলার ১২টির মধ্যে দ্বীপ ইউনিয়ন গাবুরার জীবন্ত সমস্যা টেকসই বেড়িবাঁধ। ছবি: লেখক

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সবচেয়ে জনবহুল ইউনিয়ন হওয়া সত্ত্বেও গাবুরার সড়ক যোগাযোগব্যবস্থা অত্যন্ত নাজুক। কয়েক শ মিটার আরসিসি রাস্তা ও মুষ্টিমেয় ইটের সলিংয়ের রাস্তা থাকলেও গাবুরার প্রায় ৯৫ ভাগ সড়কই এখনো কাঁচা। ফলে সামান্য বৃষ্টি হলেই বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগব্যবস্থা। রাস্তা হিসেবে ব্যবহৃত জরাজীর্ণ বেড়িবাঁধ দিয়ে চলতে গেলে গা শিউরে ওঠে। এর বেশির ভাগই ভেঙে নদীতে চলে গেছে।

শ্যামনগর উপজেলার ১২টির মধ্যে দ্বীপ ইউনিয়ন গাবুরার জীবন্ত সমস্যা টেকসই বেড়িবাঁধ। গাবুরার দক্ষিণ–পশ্চিমে খেলপেটুয়া নদী, তার উত্তর–দক্ষিণে কপোতাক্ষ নদ, দ্রুত বাঁধ সংস্কার না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরা।

এভাবেই জীবন কাটে গাবুরাবাসীর। ছবি: লেখক
এভাবেই জীবন কাটে গাবুরাবাসীর। ছবি: লেখক

এলাকার মানুষ বলছেন, শুধু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেওয়া রিংবাঁধে টিকে আছে এ ইউনিয়নটি। যেকোনো সময়ে ধসে যেতে পারে, এখন প্রতিদিন জোয়ারে প্লাবিত হয় গাবুরা। কারণ, গেল আম্পানে গাবুরার কপোতাক্ষ নদের ২৭ কিলোমিটার বাঁধের মধ্যে ২১ কিলোমিটারি ধসে গেছে। আম্পান আঘাতের দুই মাস পার হলেও সরকারিভাবে বাঁধ সংস্কারের কাজ এখনো শুরু হয়নি। তবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোনো রকম রিংবাঁধ দিয়েছে এলাকার মানুষ। যেকোনো মুহূর্তে যেটা ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে আর এবার ধসে গেলে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা ইউনিয়নটির।

সাগরকূলে বসবাসরত এ জনপদের মানুষকে প্রতিনিয়ত লোনা পানির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে। উপর্যুপরি বেড়িবাঁধ ভাঙনের কারণে একসময়ের সবুজ শ্যামল জনপদ গাবুরা গাছগাছালিশূন্য হয়ে পড়েছে। কৃষি উৎপাদন নেমে এসেছে শূন্যের কোটায়। ফলে এলাকায় কর্মসংস্থানের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। বৃক্ষরাজি শূন্য হয়ে পড়ায় এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত মারাত্মক জ্বালানি সংকটও মোকাবিলা করতে হচ্ছে। সুপেয় খাওয়ার পানির সংকটে এখানকার মানুষের জীবন বিপর্যস্ত। পুকুরের পানি খেয়ে কোনোমতে বেঁচে থাকা গাবুরার মানুষকে চার-পাঁচ কিলোমিটার দূর থেকে হেঁটে খাওয়ার পানি সংগ্রহ করতে হয়। সেই সঙ্গে ব্যবহার্য পানিও লবণাক্ত হওয়ায় ছড়াচ্ছে চর্মরোগ।

বেড়িবাঁধ সংস্কার না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরা। ছবি: লেখক
বেড়িবাঁধ সংস্কার না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরা। ছবি: লেখক

গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের আল-আমিন আক্ষেপ করে বলেন, ‘আমাদের ইউনিয়নই মনে হয় দেশের একমাত্র ইউনিয়ন, যেখানে কোনো পিচের রাস্তা নেই। বেড়িবাঁধই আমাদের প্রধান রাস্তা। তাও জরাজীর্ণ। এ ছাড়া গ্রামের ভেতরের ইটের সলিংয়ের রাস্তাগুলোয় ইট উঠে গেছে। চলাচল করা যায় না।

একই ইউনিয়নের ডুমুরিয়ার গোলাম বারি বলেন, গাবুরায় খাওয়ার পানির খুবই সংকট। এখানে টিউবওয়েলে লোনা পানি ওঠে। পুকুরের পানি খেয়ে মানুষ বেঁচে আছে। তা–ও আনা লাগে স্থানভেদে চার থেকে সাত কিলোমিটার দূর থেকে। এসব নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।

সংস্কারের অভাবে কিছু অংশে এভাবে ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। ছবি: লেখক
সংস্কারের অভাবে কিছু অংশে এভাবে ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। ছবি: লেখক

নেবু বুনিয়ার মো. ইয়াকুব আলী বলেন, আমরাও বাংলাদেশের মানুষ। কিন্তু আমাদের দেখার কেউ নেই। দুর্যোগ এলেই গাবুরার মানুষের কথা মনে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পরে আবার ভুলে যান। এখানকার বেড়িবাঁধগুলো ষাটের দশকে নির্মিত, যা ভাঙতে ভাঙতে আর নেই বললেই চলে। কোথাও পাঁচ ফুট থাকলে কোথাও দেড়–দুই ফুট আছে। জানমালের নিরাপত্তার জন্য বেড়িবাঁধ টেকসই প্রযুক্তিতে পুনর্নির্মাণ না করলে এই গাবুরায় কোনো জনবসতি থাকবে না।

*লেখক: সহসভাপতি, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা।