হারিয়ে গেছে নিমতলীর চায়ের দোকানের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব দোকানের বেচাকেনা অর্ধেক কইমা গেছে। চা আর বাকরখানি রুটির কথা কী কমু? মানষের মনে ফুর্তি থাকলে না আড্ডা অয়। দুই কাপ চা খায়। চায়ের লগে একটা রুটি লয়। অখোন দেখেন দোকানে মানুষ আছে? বেচাকেনাই নাই। চার দোকানে কেমতে বমু। যার লগে চা খাইতাম, হেয় চইলা গেছে।’নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের এক মাস পর গত শুক্রবার ব্যবসা-বাণিজ্যের এমন করুণ চিত্র তুলে ধরেন ১৬ নম্বর নবাব কাটরার ইয়াসিন স্টোরের মালিক মোহাম্মদ ইয়াসিন। তিনি জানান, আড্ডায় বসা পরিচিত অনেকেই মারা গেছেন। তাই এলাকার চায়ের দোকানের আড্ডাটা আর জমছে না। ক্রেতার অভাবে এলাকায় ব্যবসা-বাণিজ্যও সংকটে। এই চিত্র গোটা নিমতলীতেই।নিমতলীর ক্ষুদ্র ও মাঝারি দোকানমালিকেরা জানান, অগ্নিকাণ্ডের পর একটানা ১০ দিন সব ধরনের দোকানপাট বন্ধ ছিল। এরপর পুড়ে যাওয়া ১৬টি দোকান ছাড়া এলাকার বাদবাকি ৫৩৩টি দোকান দুই সপ্তাহ ধরে খোলা। তবে কোনো দোকানেই আগের বেচাকেনার মতো ব্যস্ততা নেই।পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে চকবাজার যাওয়ার পথে হাতের বাঁ দিকে নিমতলী। স্থানীয় বাসিন্দারা জানায়, এক মাস আগেও প্রতিদিন বিকেলের সাধারণ চিত্র ছিল চায়ের দোকানের সামনে প্রবীণ ও মধ্যবয়স্কদের আড্ডা। বাকরখানি রুটির দোকানগুলোর সামনে ক্রেতাদের ভিড়। পঞ্চায়েত কার্যালয়ের সামনে অনেক রাত পর্যন্ত স্থানীয়দের বৈঠক। এখন নিমতলীতে এ যেন কেবলই এক সুদূরের স্মৃতি।নিমতলীতেই ঢাকা মহানগর পুরাতন মালামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যালয়। সমিতির সভাপতি মো. শাহজাহান ভূঁইয়া প্রথম আলোকে জানান, নবাবকাটরায় পুরাতন ভাঙারির দোকান রয়েছে প্রায় ২৫০টি। এ ছাড়া লোহা-লক্কড়ের দুটি বড় দোকান এবং ছোট ও মাঝারি দোকান ৫৩টি, পুরাতন কাগজের দোকান ৩৫টি, বাকরখানি-রুটির দোকান আটটি (দুটি পুড়ে গেছে), প্রত্যেকটি রাস্তার মোড়েই দু-তিনটি চায়ের দোকান। দোকান মালিকেরা জানান, নবাবকাটরার রাস্তার দুই ধারে সব মিলিয়ে মোট ৫৩৩টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তবে বেচাকেনার একেবারেই বেহাল অবস্থা। ভাঙারি দোকানের মোহাম্মদ জামাল হোসেন বলেন, বেলা ১১টার মধ্যে তিন থেকে চার মণ পুরোনো জিনিসপত্র কেনা হয়ে যেত। এখন সারা দিনেও এক মণ পুরোনো জিনিসপত্র মিলছে না।ব্যবসা মন্দার কারণ: স্থানীয় বাসিন্দারা জানায়, অনেক লোক এলাকা ছেড়ে চলে গেছে। ভাড়াটিয়া বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়া অব্যাহত আছে। আর যারা এলাকায় আছে তারাও অনেকে কাজকর্মে পুরো মনোযোগী হয়ে উঠতে পারেনি। মো. সাদেক এবং হাজি মোহাম্মদ সফিউল্লাহ জানান, রাতে বিদ্যুৎ চলে গেলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হয় না। মানুষের মনে ভয় আছে, আনন্দ নেই। এ ব্যাপারে স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, যা হারিয়ে গেছে এবং যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ক্ষতিগ্রস্ত মানুষের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। এত বড় দুর্ঘটনা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন।