হারিয়ে গেছে প্রাকৃতিক বন কৃত্রিম বনে ভিনদেশি গাছ
বন-পাহাড়ে মিলে মৌলভীবাজার জেলাকে নিজের হাতেই সাজিয়েছিল প্রকৃতি। কিন্তু সেই প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হতে বসেছে মানুষের হাতে। প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করে এখন চেষ্টা করা হচ্ছে কৃত্রিম বনাঞ্চল গড়ার। তবে অপরিকল্পিত বনায়ন আর পরিবেশের জন্য ক্ষতিকর ভিনদেশি গাছ লাগিয়ে সে প্রচেষ্টাও ব্যাহত হচ্ছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় বর্তমানে মোট বনাঞ্চলের পরিমাণ ৩১ হাজার ৬৫৭ হেক্টর। এর মধ্যে সংরক্ষিত বনাঞ্চল ২৪ হাজার হেক্টর, অধিগ্রহণ করা চার হাজার ৪২৬ হেক্টর, অশ্রেণীভুক্ত বনাঞ্চল ৪৩৬ হেক্টর এবং প্রস্তাবিত বনাঞ্চল দুই হাজার ৭৯৪ হেক্টর। ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই বনভূমি থেকে বড় বড় গাছ নিলামে বিক্রি করেছে বন বিভাগ। এভাবে ন্যাড়া হওয়া অনেক বনে পরবর্তী সময়ে লাগানো হয়েছে একাশিয়াসহ বিদেশি প্রজাতির গাছ। কিন্তু এতে করে আর প্রাকৃতিক বনের পরিবেশ ফিরে আসেনি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বড়লেখা উপজেলার মাধবছড়া পাহাড়ের ঝোপজঙ্গলে বিভিন্ন জাতের চেনা-অচেনা গাছপালা ও মুলি বাঁশের ঝাড় ছিল। এসব জঙ্গলে দেখা যেত বাঘ, হাতি, ভাল্লুক, হরিণ ও বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী। সমতল থেকে প্রায় দুই হাজার ফুট উঁচু ওইসব জঙ্গলে মানুষের বিচরণ তেমন ছিল না। সেই প্রাকৃতিক বন সাফ করে গড়ে তোলা হয়েছে কৃত্রিম সামাজিক বন। দ্রুত বাড়ে বলে সামাজিক বনায়নের ক্ষেত্রে একাশিয়া গাছ লাগানো হয়েছে বেশি।বন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে ২০০৯-১০ অর্থবছরে ৩৯৮ দশমিক ৫ হেক্টর ভূমিতে নতুন করে বনায়ন করা হয়েছে। আর ২০১০-১১ অর্থবছরে ৭১৫ হেক্টর ভূমিতে বনায়ন চলছে। এসব বনে একাশিয়া জাতীয় স্বল্পমেয়াদি গাছ লাগানো হচ্ছে। এ ক্ষেত্রে উপকারভোগী হিসেবে এলাকার জনসাধারণকে সম্পৃক্ত করা হচ্ছে। উপকারভোগীরা ৫০ শতাংশ পাবেন। এই গাছ ১০-১২ বছর পর কেটে ফেলা হবে।নিসর্গবিদ দ্বিজেন শর্মা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘গামারি, জামসহ আমাদের কত জাতের গাছ আছে। কিন্তু সেসব না লাগিয়ে বিদেশি গাছ কেন লাগানো হচ্ছে সেটা একটা প্রশ্ন। একাশিয়া অষ্ট্রেলিয়ার গাছ। অনেক পানি শোষণ করে। আমাদের জায়গা যেহেতু অল্প। তাই কম জায়গায় পরিবেশবান্ধব সবকিছু করা উচিত। বেশি জায়গা থাকলে বিদেশি গাছ লাগিয়ে পরীক্ষা করে দেখা যেত।’দ্বিজেন শর্মা আরও বলেন, ‘যে গাছ যত দ্রুত বাড়ে সেই গাছ মাটি থেকে সে রকমই সার শোষণ করে। এর ফলে পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব পড়ে।’মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. হোসেনুর রহমান প্রথম আলোকে বলেন, জ্বালানি কাঠসহ বিভিন্ন প্রয়োজনের কারণে স্বল্পমেয়াদি গাছ লাগানো হচ্ছে। তবে এখন একাশিয়া লাগাতে নিরুৎসাহিত করা হচ্ছে। নতুন করে বনায়নের ক্ষেত্রে শাল, গর্জন, তেলসুর, চিকরাশি, লোহাকাঠ, চাপালিশ, হরীতকী, বহেড়া, আমলকী, আগর, সেগুন, জাম, গামার, জারুল, চালতা, শিশু প্রভৃতি দেশজ প্রজাতির গাছ লাগানোর ওপর জোর দেওয়া হচ্ছে।সিলেট বিভাগীয় বন কর্মকর্ত মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সৃজিত বনের সঙ্গে প্রাকৃতিক বনকে মিলালে চলবে না। তবে আমরা এখন স্থানীয় প্রজাতির গাছ লাগানোর চিন্তা করছি। কাঠের চাহিদার কথাও ভাবতে হচ্ছে। এ ছাড়া সামাজিক বনায়নের সঙ্গে কর্মসৃজনের বিষয়টিও জড়িত।’