চতুর্থ খণ্ডের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা
হারিয়ে যাওয়া অনেক তথ্য উঠে এসেছে তাজউদ্দীনের ডায়েরিতে
‘তাজউদ্দীন আহমদ ছিলেন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। সংকটময় মুহূর্তে তিনি শক্ত হাতে জাতির হাল ধরেছিলেন। এই মানুষটির দিনলিপিতে উঠে এসেছে ইতিহাসের হারিয়ে যাওয়া অনেক অজানা তথ্য। তাঁর ডায়েরি আমিত্বপ্রধান নয়, ডায়েরিতে প্রাধান্য পেয়েছে জনগণের বিভিন্ন সমস্যা।’মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ডায়েরির (দিনলিপি) চতুর্থ খণ্ডের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় এই নেতার জন্মদিনে চতুর্থ খণ্ডের প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হয়। ডায়েরির চতুর্থ খণ্ডে প্রকাশিত হয়েছে তাজউদ্দীন আহমদের ১৯৫২ সালের দিনলিপি।অধ্যাপক খান সারওয়ার মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। তিনি বলেন, ‘তাজউদ্দীন আহমদ তাঁর ডায়েরিতে নানা ঘটনার অনুপুঙ্খ বিবরণ দিয়েছেন। সমসাময়িক কোনো রাজনীতিকের কাছ থেকে আমরা এ ধরনের বর্ণনা পাই না। তাঁর ডায়েরির হারিয়ে যাওয়া অংশগুলো উদ্ধার করা গেলে তাজউদ্দীন সম্পর্কে একটি পূর্ণ ধারণা পাওয়া যেত। সঙ্গে অনেক অজানা তথ্যও পাওয়া যেত।’অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তাজউদ্দীনের কাছে জাতি হিসেবে আমাদের অনেক ঋণ। সংকটময় মুহূর্তে তিনি শক্ত হাতে জাতির হাল ধরেছিলেন। কিন্তু যেভাবে তাঁর জীবনাবসান হয়েছে, তা তাঁর প্রাপ্য ছিল না।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাজউদ্দীনের সঙ্গে তাঁর বিভিন্ন স্মৃতি বর্ণনা করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি হঠাৎ করে ওঠা আজকের ব্যাপার নয়। তাজউদ্দীন আহমদ স্বাধীনতার পরপরই যুদ্ধাপরাধীদের বিচারের চিন্তা করেছিলেন।অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, তাজউদ্দীনের ব্যক্তিগত জীবন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি একসঙ্গে উঠে এসেছে তাঁর ডায়েরিতে। সব বর্ণনা তিনি দিয়েছেন একেবারে নির্বিকার, নিরাসক্ত ভঙ্গিতে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও কবি বেলাল চৌধুরী বক্তব্য দেন।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল এক সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। রমনা পার্কের গেটে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, তাজউদ্দীন আহমদ শোষণমুক্ত, ন্যায়বিচারভিত্তিক ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি গণতন্ত্র ও সমাজতন্ত্রের সমন্বয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার, চিত্রপ্রযোজক খোরশেদ আলম, চিত্রপরিচালক জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।