হারিয়ে যাওয়া খেলা নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল দিয়ে পিচ্ছিল করা হয়েছে কলাগাছটিকে। চলছে সেই তৈলাক্ত গাছ বেয়ে ওপরে ওঠার চেষ্টা। ছবি: প্রথম আলো
তেল দিয়ে পিচ্ছিল করা হয়েছে কলাগাছটিকে। চলছে সেই তৈলাক্ত গাছ বেয়ে ওপরে ওঠার চেষ্টা। ছবি: প্রথম আলো

গাছে চড়তে পারেন অনেকেই। কিন্তু গাছটি যদি হয় সোজা আর তেল মাখানো? তেল মাখানো এমন কলাগাছে উঠতে প্রাণান্তকর চেষ্টা করতে দেখা গেল কয়েকজনকে। আরেক পাশে চলছে বিবাহিত আর অবিবাহিত ব্যক্তিদের নিয়ে গড়া দুই দলের শক্তি প্রদর্শন। তাঁরা দুই ভাগে ভাগ হয়ে রশি টানাটানি করছেন। গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলাধুলার এমন আয়োজন ছিল।

গ্রামীণ খেলাগুলো দিন দিন হারিয়ে যেতে বসেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হচ্ছে নতুন প্রজন্ম। ২০ বছর আগে গ্রামের ছেলেমেয়েরা ডাংগুলি, বউ তোলা, ঘুড়ি ওড়ানো, হাড়ের গুটি খেলা, কলাগাছে ওঠা, রশি টানাটানিসহ বিভিন্ন ধরনের খেলাধুলায় মত্ত থাকত সারাবেলা। সেই হারানো খেলাগুলো নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতে চেংগাড়া গ্রামবাসী আয়োজন করে গ্রামীণ খেলাধুলার উৎসব।

পেছন দিকে হাত বাধা অবস্থায় শিঙারা খাওয়ার চেষ্টা করছেন প্রতিযোগীরা। ছবি: প্রথম আলো
পেছন দিকে হাত বাধা অবস্থায় শিঙারা খাওয়ার চেষ্টা করছেন প্রতিযোগীরা। ছবি: প্রথম আলো

গতকাল বেলা ১১টা থেকে গাংনীর চেংগাড়া গ্রামবাসী জমায়েত হতে থাকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এর কয়েক দিন আগে থেকে ওই গ্রামসহ আশপাশের আরও কয়েকটি গ্রামে মাইকিং করা হয় এ উৎসবের ব্যাপারে। সাড়ে ১১টায় বিবাহিত-অবিবাহিত ব্যক্তিদের নিয়ে গড়া দুই দলের রশি টানাটানি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় খেলাধুলার এই উৎসব। প্রায় ৩০ মিনিটি ধরে চলে যুদ্ধ। তবে বিবাহিত ব্যক্তিদের দলের সদস্যরা অনেক যুদ্ধ করেও জয়ী হতে পারেননি। হার মানেন অবিবাহিত দলটির কাছে।

এই সময়ের মধ্যেই খেলার মাঠ দর্শকে কানায় কানায় ভর্তি হয়ে ওঠে। শুরু হয় তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতা। ওই খেলায় নানা বয়সী পুরুষ অংশ নেন।

শরীরে কাদা মাখিয়ে মুক্তিযোদ্ধা সেজেছে তিন শিশু। ছবি: প্রথম আলো
শরীরে কাদা মাখিয়ে মুক্তিযোদ্ধা সেজেছে তিন শিশু। ছবি: প্রথম আলো

স্লো সাইক্লিং, বিস্কুট দৌড়, বস্তা দৌড়, বালিশ যুদ্ধ, মার্বেল দৌড়সহ ১৯টি পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোর, যুবকসহ প্রবীণেরা অংশ নেন।

দুইটা খেলায় অংশ নেওয়া ও আয়োজক কমিটির সদস্য মহব্বত আলী (৫২) প্রথম আলোকে বলেন, অনেক দিন কোনো খেলাধুলা হয়নি। এই প্রজন্মের হাতে হাতে মুঠোফোন। সারা দিন তারা এতেই ব্যস্ত থাকে। গ্রামে খেলাধুলা একেবারে হয় না বললেই চলে। আগের খেলাগুলোকে এই প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। ভবিষ্যতে প্রতিবছর এ ধরনের খেলার আয়োজন করা হবে।

চলছে রশি টানাটানি প্রতিযোগিতা। ছবি: প্রথম আলো
চলছে রশি টানাটানি প্রতিযোগিতা। ছবি: প্রথম আলো

খেলা দেখতে আসা বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রী মানছুরা খাতুন বলেন, একসময় গ্রামগঞ্জে নিয়মিতই আয়োজন করা হতো গ্রামীণ খেলাধুলার। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে এসব ঐতিহ্য। এ ধরনের আয়োজন হলে পরিবার-পরিজন নিয়ে খেলা উপভোগ করার সুযোগ হয়। তরুণ-তরুণীদের মধ্যেও ওই সব খেলায় অংশ নেওয়ার আগ্রহ তৈরি হয়।

চেংগাড়া গ্রামীণ খেলা আয়োজক কমিটির আহ্বায়ক আবু ইউসুফ বলেন, ঐতিহ্যবাহী খেলাগুলো ধরে রাখতে আর তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে এ আয়োজন করা হয়েছে। এলাকাবাসী আশাতীত সাড়া দিয়েছে। ভবিষ্যতে এমন উৎসব আরও বেশি করে আয়োজনে আগ্রহ পাচ্ছে কমিটি।