হারিয়ে যাওয়া ছেলে ফিরে পেলেন সাত বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা সাবিনা খাতুনের কাছে তুলে দেওয়া হয় আবু সাঈদকে। শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনিতে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে।
ছবি: প্রথম আলো

আবু সাঈদ যখন হারিয়ে যায়, তখন সে আট বছরের শিশু। ভাগ্যের ফেরে সাত সাতটা বছর কাটিয়েছে পরিবার থেকে অনেক দূরে। কিছুদিন কারাগারে, এরপর বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে। অবশেষে আবু সাঈদ খুঁজে পেয়েছে আপন ঠিকানা। তাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা সাবিনা খাতুন।

শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনিতে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আবু সাঈদকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

মা সাবিনা খাতুন জানান, স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। শিশুসন্তান আবু সাঈদকে নিয়ে তিনি বাবার বাড়ি সিরাজগঞ্জের দেলুয়ারকান্দি গ্রামে ওঠেন। একপর্যায়ে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা থেকে ২০১৪ সালে ঢাকায় পাড়ি জমান। সেখানে তৈরি পোশাক কারখানায় চাকরি নেন। আবু সাঈদ তখন আট বছরের শিশু। তাকে নিয়ে তিনি ঢাকার গাবতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি যখন পোশাক কারখানায় কাজে যেতেন, আবু সাঈদ তখন এলাকার পথে পথে ঘুরে বেড়াত; নিজে থেকেই আবার বাসায় ফিরত। একদিন কাজ থেকে রাতে ফিরে দেখেন, আবু সাঈদ বাসায় নেই। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাননি। একপর্যায়ে তিনি সব আশা ছেড়ে দেন।

এই সাত বছর কোথায় কীভাবে কাটিয়েছে আবু সাঈদ? নিজেই জানাল বর্তমানে ১৫ বছরের এই কিশোর। গাবতলী এলাকায় ঘুরে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে সে। নিজের ঠিকানা বলতে না পারায় কেউ তাকে সাহায্য করতে পারেনি। এ অবস্থায় রাস্তায় এলোমেলো ঘুরে বেড়াতে থাকে। একদিন পুলিশ আবু সাঈদকে ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়। সেখানে তিন মাস থাকার পর তাকে পাঠানো হয় নারায়ণগঞ্জে সরকারি আশ্রয়কেন্দ্রে। তার নাম রাখা হয় আকাশ। ওই আশ্রয়কেন্দ্রে সাড়ে ছয় বছর ছিল সে। চলতি বছরের ৪ জুন তাকে পাঠানো হয় আশাশুনির এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে।

আবু সাঈদকে নিতে সিরাজগঞ্জ থেকে সাতক্ষীরার আশাশুনিতে ছুটে এসেছলিনে তার মায়ের পাশাপাশি নানি মোমেন খাতুন ও মামা এয়াকুব আলী।
ছবি: প্রথম আলো

এখানে আবু সাঈদের পরিচয় হয় স্থানীয় কয়েকজন সাংবাদিকের সঙ্গে। তাঁরা ২৫ জুলাই তার ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন। সেটি চোখে পড়ে সিরাজগঞ্জের দেলুয়ারকান্দি গ্রামের এক বাসিন্দার। মালয়েশিয়াপ্রবাসী ওই ব্যক্তি চিনতে ভুল করেননি, ছেলেটি তাঁর গ্রামের সাবিনার হারিয়ে যাওয়া সন্তান আবু সাঈদ।

স্থানীয় সাংবাদিক এস কে হাসান বলেন, মালয়েশিয়াপ্রবাসী ওই ব্যক্তির নাম মো. পলাশ। তিনি তাঁর (হাসান) সঙ্গে যোগাযোগ করেন ২৭ জুলাই। এরপর মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে আবু সাঈদের সঙ্গে সাবিনা ও তাঁর পরিবারের সদস্যদের কথা বলানোর ব্যবস্থা করা হয়। আবু সাঈদ প্রথম দেখাতেই তার মা, নানি ও মামাকে চিনতে পারে। তাঁরাও আবু সাঈদকে চিনতে পারেন। এরপর সাবিনা কথা বলেন আশাশুনির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে। পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার সকালে সাবিনাসহ পরিবারের সদস্যরা আশাশুনিতে আসেন।

শুক্রবার দুপুর আড়াইটায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে কিশোর আবু সাঈদকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তাকে মা সাবিনা খাতুন, নানি মোমেন খাতুন ও মামা এয়াকুব আলীর কাছে তুলে দেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক ফারুক হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম বাড়িতে পৌঁছানোর গাড়িভাড়া বাবদ পরিবারটিকে ছয় হাজার টাকা দেন। ভবিষ্যতে আবু সাঈদ ও তার পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।