
সুমি, রাজিয়া ও সেলিনা তিন বোন; আর তাঁদের সঙ্গে দুই খালাতো ভাইবোন, সেলিনা ও শফিকুল। একই বাড়িতে ভিন্ন ভিন্ন ঘরে তাঁরা থাকতেন, একই সঙ্গে কাজে রওনা হতেন, প্রায় একই সঙ্গে ফিরতেন। খেতেন প্রায়ই একসঙ্গে। আনন্দ, গল্প, কান্না, ক্ষোভ, জীবন নিয়ে নানা বাস্তব-অবাস্তব পরিকল্পনা—সব একসঙ্গেই হতো। এই পাঁচজনের মধ্যে এখন শুধু একজনই বেঁচে আছেন, তাঁর নাম রাজিয়া। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে যে কারখানাগুলো কবরে পরিণত হয়েছিল, সেগুলোই ছিল তাঁদের কর্মস্থল। একজনের লাশ এখনো পাওয়া যায়নি।
আমরা যখন তাঁদের ঘরে গেলাম, তখন দুপুর পার হয়েছে। এ সময় কোনো পোশাকশ্রমিকের ঘরে থাকার কথা নয়। কিন্তু রাজিয়া তখন ঘরে। শুধু রাজিয়া নন, এলাকার প্রায় সব ঘরেই শ্রমিকেরা যে আছেন, তা টের পেতে বেশিক্ষণ লাগেনি। অনেকেই এসেছেন তাঁদের কথা বলতে। রাস্তায় ভিড় করেছেন। সাভারে রানা প্লাজার উল্টো দিকের গলিতে যেতে থাকলে ঘরের পর ঘর শ্রমিকদের বাস। তাঁদের অনেক কথা। সবার ক্ষোভ, কান্না আর অভিযোগের পাহাড়ের সামনে দাঁড়ানো খুবই কঠিন।
সব কটি ঘরের আয়তন আর ভাড়া মোটামুটি একই রকম। রাজিয়াদের ঘর ১০ ফুট বাই ১২ ফুট হবে। আড়াআড়ি একটা খাট, আরেকটা চৌকি—ঘর প্রায় পুরোটা ভরে রেখেছে। আর আছে একটা আলমারি, তৈজসপত্র। এই ঘরে রাজিয়া ওর মা-বাবাসহ থাকেন। এই বছরের ২৪ এপ্রিলের আগে এই ঘরে আরও মানুষ থাকতেন, তাঁরা এখন নেই। কেউ মৃত, কেউ নিখোঁজ। মায়ের নাম মেহেরজান। বাবার নাম ইসাক বেপারি। নামের শেষে বেপারি থাকলেও বাবা ছিলেন ক্ষুদ্র কৃষক।
গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বড় বাহাদুরপুর গ্রামে। নদীর ভাঙনে তাঁর সামান্য জমির পুরোটাই গেছে বছর পাঁচেক আগে। বড় মেয়ে সেলিনা বিয়ে করে সাভারে বসবাস শুরু করেছিলেন আরও আগে। একপর্যায়ে স্বামীর সঙ্গে শুরু হয় পোশাকশ্রমিকের জীবন। নদীভাঙনে নিঃস্ব হওয়ার পর বড় মেয়ে সেলিনার সূত্রে সাভারেই আসা। একই কারণে মেহেরজানের বোনও আসেন তাঁর ছেলেমেয়েদের নিয়ে। পোশাক কারখানায় কাজ শুরু করেন সুমি আর রাজিয়া। গ্রামে স্কুলে পড়তেন রাজিয়া। জিজ্ঞাসা করি, ‘কাজ শুরু করলা কত বয়সে?’ হাসেন রাজিয়া। এই প্রশ্নে সবার উত্তর এ রকমই। ‘আসল বয়সের কথা বললে কি আর কাজ পাওয়া যাবে? গরিব মানুষ—খাওয়া লাগবে, টাকা লাগবে।’ কাজ শুরুর সময় সবার বয়স তাই লেখা হয় কমপক্ষে ১৮। দেখতে বেশি ছোটখাটো বা দুর্বল হলে, তার পক্ষে পার পাওয়া কঠিন হয়।
স্বামী-সন্তানসহ পাশাপাশি ঘরে থাকতেন সেলিনা। তাঁর দুই সন্তান ইমু (১২) আর জান্নাতুল (৫)। ওদের রেখে সেলিনা লাশ হলেন ২৪ এপ্রিল। স্বামী আরেকটি বিয়ে করার পর বাচ্চা দুটি এখন রাজিয়াদের সঙ্গেই থাকে। দুজনকেই দেখলাম নানির আশপাশে। বড়টি স্কুলে পড়ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর স্কুলে যাওয়াও অনিয়মিত।
রাজিয়ার আরেক বোন সুমি আক্তার এখনো নিখোঁজ। সুমির ছবিসহ বিভিন্ন প্রমাণাদি নিয়ে মা-বাবাসহ রাজিয়া অনেক জায়গায় ঘুরছেন। প্রমাণাদির মধ্যে আছে সাধারণ ডায়েরি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এবং ডিএনএ টেস্টের কাগজ। এসব কাগজের মধ্যেই সুমির কারখানার তথ্য আছে, তাঁর কার্ড নম্বর আছে। পিতার দায়ের করা জিডি অনুযায়ী ‘সুমি আক্তার (২২)...সাভারস্থ রানা প্লাজার চতুর্থ তলায় ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেডের গার্মেন্টসে অপারেটর পদে চাকরি করিত। সে প্রতিদিনের ন্যায় ইং-২৪/৪/২০১৩ তারিখ সকাল অনুমান ০৭.৫০ ঘটিকার সময় বর্তমান ঠিকানার বাসা হইতে তাহার কর্মস্থল রানা প্লাজার উদ্দেশে যায় এবং রানা প্লাজায় তাহার ডিউটি করে। অতঃপর ওই দিন...রানা প্লাজা ধসে পড়ায় এখন পর্যন্ত তাহার জীবিত কিংবা মৃত হিসাবে কোনো সন্ধান পাওয়া যায় নাই। তাহার খোঁজাখুঁজি অব্যাহত আছে।’

সপ্তাহে ছয় দিন, মাঝেমধ্যে ওভারটাইম করেন সুমি আর রাজিয়া। এই দুই বোনের কাজে পরিবারে মাসে আয় হতো খুব বেশি হলে হাজার দশেক টাকা। এই দিয়ে মা-বাবাসহ চারজনের সংসার চলত। ঘরভাড়া আড়াই হাজার, গ্যাস-বিদ্যুৎ বিল দিয়ে তারপর খাওয়া। ২৪ এপ্রিলের পর থেকে উপার্জনকারী সুমি নেই। রাজিয়ার কাজও বন্ধ। যোগ হয়েছে সেলিনার দুই সন্তান।
পাশের বাড়ির এক ঘরের বাসিন্দা স্বপ্না। ধসের পর তিন দিন লাশের সঙ্গে আটকে থাকতে হয়েছিল। উদ্ধারের পর কয়েক দিন হাসপাতালে থেকে সুস্থ ভেবে বাড়ি এসেছেন। কে চিকিৎসা করবে, এখন জানা নেই। কাজে যাওয়ার অবস্থা নেই। ভাই রিকশাচালক। তাঁর ওপর এখন পুরো নির্ভর।
কাছেই আরেক বাড়িতে একই আকারের ঘরে একমাত্র বিছানায় পড়ে আছেন বীণা। কোমর ও পায়ের আঘাত গুরুতর। দাঁড়ানোর উপায়ই নেই। বেঁচে আছেন বলে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু এখন কীভাবে বেঁচে থাকবেন, তা জানা নেই তাঁর। সামনে কী হবে, তা-ই ভেবে রাজিয়াসহ আরও অনেকের মতো বীণাও ‘চোখে অন্ধকার’ দেখেন।
সরকারের দারিদ্র্যসীমার একটা হিসাবনিকাশ আছে। চার সদস্যের একটি পরিবার প্রাণী হিসেবে বেঁচে থাকতে হলে খাদ্যসহ যা যা দরকার, তার খরচ ধরে এই সীমা নির্ধারণ করা হয়। এই তালিকায় যা যা দেওয়া আছে, সেগুলো কিনতে বর্তমান বাজারদরে কত টাকা প্রয়োজন, তার একটা হিসাব করেছিলাম আমি। তাতে বর্তমান বাজারদর অনুযায়ী চার সদস্যের একটি শহরবাসী পরিবারের জন্য দারিদ্র্যসীমার আয় হয় কমপক্ষে ১৮ হাজার টাকা। যেসব পরিবারের আয় এর নিচে, তারা দারিদ্র্যসীমার নিচে বাস করছে বলে ধরতে হবে। তার মানে, সুমি ও রাজিয়া দুজন মিলে ওভারটাইমসহ যা আয় করতেন, তা চারজনের জন্য দারিদ্র্যসীমার আয়ের অর্ধেক।
অর্থশাস্ত্র ও আন্তর্জাতিক আইন অনুযায়ী, একজনের আয়েই তো চারজনের পরিবারের চলার কথা। সরকার যখন বলছে দারিদ্র্য পরিস্থিতির উন্নতি হয়েছে, তখন দেখতে হবে, বাংলাদেশের কতটি পরিবার একজনের আয়ে এই সীমার ওপরে উঠেছে। শ্রমিক কেন, অন্য পেশাজীবীদের মধ্যেও এখন একজনের আয়নির্ভর পরিবার পাওয়া কঠিন। উপরন্তু, মানুষের মতো বেঁচে থাকার মতো ন্যূনতম আয়সীমা ধরলে তার পরিমাণ হবে এর দ্বিগুণ।
সারা দেশে পোশাক কারখানার ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলন চলছে। সুমি, সেলিনা, শফিকুলেরা বেঁচে থাকলে তাঁরাও নিশ্চয়ই এই দাবি নিয়ে রাস্তায় শরিক হতেন। প্রতিদিনের জীবনই তাঁদের সবাইকে বাধ্য করে মিছিলে যেতে। মজুরি কত হওয়া উচিত, এ নিয়ে বিস্তর আলোচনা-বিতর্ক হচ্ছে। একটা সহজ প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, ন্যূনতম মজুরি কীভাবে দারিদ্র্যসীমার আয়ের চেয়ে কম হতে পারে? এখন তো শুধু কম নয়, ছয় ভাগের এক ভাগ। সে জন্য একাধিকজন কাজ করেন, মাসের পর মাস ওভারটাইম করেন, অপ্রাপ্তবয়সীদের উপার্জনে যুক্ত করেও পরিবারগুলো দারিদ্র্যসীমার আয়ের ধারেকাছে যেতে পারে না। এ রকম পরিবারে যখন বহু বছরের কাজ অসমাপ্ত রেখে সীমাহীন লোভ আর দায়িত্বহীনতার কারণে একাধিক উপার্জনকারী অকালে মরে যান, তখন তাঁদের সামনে কী অবশিষ্ট থাকে? আরও অনেকের মতো রাজিয়া, তাঁর মা-বাবা আর দুই শিশুর সামনে তাই শুধুই খাদ।
হারিয়ে যাওয়া মানুষের ভিড় ঠেলে যেন হাঁটতে থাকি। যতগুলো ঘরে যাই, কথা বলি, নিহত বা নিখোঁজ মানুষদের বয়স ১৮ (বা কম) থেকে ২৫। হাহাকার করার জন্য আছে অনেকের মা, কারও স্ত্রী, কারও কারও স্বামী, বোন, ভাই কিংবা শিশুসন্তান। সব কথার মধ্যে ক্ষতিপূরণের কথাও আসে। আসলে কে কত ক্ষতিপূরণ পেলেন? ছয় মাস পার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকার, কারখানার মালিক বা বিজিএমইএ বা বিদেশি ক্রেতা—কারও পক্ষ থেকে ক্ষতিপূরণ বিষয়ে কোনো নীতিমালা বা এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। দেশ ও বিদেশে সভা-সম্মেলন হচ্ছে। বিভিন্নজনের চাঁদার টাকা থেকে প্রধানমন্ত্রী কয়েক দফায় কয়েক শ পরিবারের হাতে কিছু টাকা দিয়েছেন। এই এলাকায় প্রধানমন্ত্রীর এই চাঁদা থেকে শুধু একজনের নামে এক লাখ টাকার খবর পাওয়া গেল। যে শ্রমিকের নামে এই টাকা দেওয়া হয়েছে, তাঁর নাম শিউলি আক্তার। শিউলির ছেলের নাম রনি, বয়স দুই বছর চার মাস। সে আছে এখন দাদার সঙ্গে। কিন্তু এই টাকা গেছে শিউলির বাবার কাছে। আর কেউ পায়নি। নিখোঁজ বহুজনের স্বজনেরা কথা বলতে থাকেন। গাইবান্ধার মিতু, রিক্তা, ফাতেমা, রাজা...। রাজার মায়ের কান্না এখনো থামে না। রাজার ১০ মাস বয়সী মেয়ের নাম রানি, অনিশ্চিত ভবিষ্যতের মুখে। রিক্তার লাশের ছবি টিভিতে দেখা গেছে, সেই ছবি বুকে নিয়ে মা ঘুরছেন। ছোট বোন সিক্তা স্কুলে যায়, ছবি নিয়ে তাকেও যেতে হয় নানা স্থানে, কিন্তু এখনো স্বীকৃতি মেলেনি।
রাজিয়াসহ সবাই স্বজনদের ক্ষতিপূরণের বিষয় নিয়ে এখনো তাই অন্ধকারে। নানা সময়ে নানা গুজব আসে, তার পেছনে ছুটতে গিয়ে বেঁচে থাকা মানুষদের হয়রানির শেষ নেই। কাজ করতে সক্ষম যাঁরা, তাঁদের আয়ও বন্ধ হয়। মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ নেই, নিখোঁজদের সন্ধান নেই, জীবিতদের কাজ নেই!
রানির মা মরিয়মও পোশাক কারখানায় কাজ করতেন, এখন কিছুই করতে পারেন না। আরও অনেকের মতো রাজিয়াও পোশাক কারখানায় কাজ করার কথা আর ভাবতেও পারছেন না। শত-হাজার শ্রমিকের জীবন নাশ করে লাখো মানুষকে অকূল দরিয়ায় ভাসান যাঁরা, সেই মালিকদের শাস্তি হয় না, ক্ষতিপূরণের কোনো সুরাহা হয় না। তাই ২৪ এপ্রিলের স্মৃতি নিয়ে ঘুমের মধ্যে চমকে ওঠা রাজিয়ারা আবারও আগুনে পুড়ে পোশাকশ্রমিকের মৃত্যুর খবর শোনেন।
আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়