হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খাবার সেউ
হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঈদের অন্যতম ঐতিহ্যবাহী খাবার সেউ (চালের গুঁড়ায় হাতে তৈরি একধরনের সেমাই)। উপজেলার বিভিন্ন এলাকায় একসময় এ সেমাইয়ের খুব কদর ছিল। ঈদের দিন এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যেত না, যে বাড়িতে সেউ রান্না হতো না। এখন হারিয়ে যেতে বসেছে বাঙালির এ স্বাদের খাবারটি।
আক্ষেপ করে ধানগড়া এলাকার নূর ভানু বেগম বলেন, ‘আমরা যখন বউ ছিলাম শাশুড়ির সঙ্গে রোজার শুরু থেকেই ঈদের জন্য সেউ তৈরির কাজে নেমে পড়তাম। বাড়ি বাড়ি সেউ তৈরির ধুম পড়ে যেত।’ একই এলাকার রাবেয়া বেগম জানান, প্রথমে চাল গুঁড়া করে পানিতে ফুটিয়ে তা শক্ত কিছুর ওপর রেখে হাতে সেউ তৈরি করা হতো। পরে রোদে শুকিয়ে বয়ামে তুলে রাখা হতো। ঈদের দিনে গুড়, নারকেল ও দুধ দিয়ে রান্না করার পর বাড়ির পুরুষেরা তা মজা করে খেয়ে নামাজ পড়তে যেতেন।
ধানগড়া গুচ্ছগ্রামের সারা বেগম জানান, আগে বাজারে সেমাই বা লাচ্ছা তেমন পাওয়া যেত না। তাই সেউয়ের কদর ছিল। এখনকার বউ-ঝিরা এত কষ্ট করতে রাজি নয়। আর এসব খাবার অনেকেই আর খেতে চান না। এ কারণে এর কদর কমে যাচ্ছে।
রণতিথা এলাকার শিক্ষক রুখসানা খাতুন জানান, রুচি ও সময়ের পরিবর্তনে পুরোনো এসব খাবার আর চলে না। এ ছাড়া বাজারে এখন সবই পাওয়া যায়। তাই কেউ কষ্ট করতে চান না। এত কিছুর পরও কেউ কেউ এখনো সেউ পছন্দ করেন।
তবে মহেশপুর এলাকায় গিয়ে রমিনা খাতুন নামের একজনকে সেউ তৈরি করতে দেখা যায়। কেন সেউ তৈরি করছেন এমন প্রশ্নের জবাবে রমিনা জানান, তিনি বৃদ্ধ বাবা-মায়ের কথামতো এবারও সেউ তৈরি করছেন। ধানগড়া এলাকার জাহানারা বেগম বলেন, বয়স্ক মানুষ চলে যাওয়ার পর মজাদার এ খাবারটিও হারিয়ে যাবে।