হারিয়ে যাচ্ছে খটাখট শব্দ!
এক সময় টাইপ মেশিনের খটাখট-খটাখট শব্দে মুখর হয়ে থাকত আদালত এলাকা। ১৯৮৫ সালের পর থেকে চট্টগ্রাম নগরে আদালত ভবন এলাকার সড়কের পাশে এই টাইপ মেশিন নিয়েই তুমুল ব্যস্ত সময় কাটিয়েছেন মুদ্রাক্ষরিকরা। কিন্তু এখন সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে হারিয়ে যাচ্ছে এই খটাখট শব্দ। এর বদলে জায়গা করে নিয়েছে কম্পিউটার প্রযুক্তি। সেই সঙ্গে প্রায় বেকার পড়ছেন টাইপ মেশিনের মুদ্রাক্ষরিকরা। অনেক আবার প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পেরে এখনো সেই টাইপ মেশিনকে আঁকড়ে ধরে সংগ্রাম করে চলেছেন প্রতিদিন।
চট্টগ্রাম নগরে আদালত ভবন এলাকার দীর্ঘ ১৫ বছর ধরে টাইপ মেশিনে মুদ্রাক্ষরিক পেশার কাজ করছেন নারায়ণ চন্দ্র দাশ। তিনি জানান, ‘২০০৬ সালে এখানে ৫৮ জন কাজ করতেন। এখন কমতে কমতে তা ২৯ জনে দাঁড়িয়েছে। আগে ৫০০ থেকে ৭০০ টাকা আয় হলেও এখন ১০০ টাকা আয় করতে কষ্ট হয়ে যায়। এই পেশার পাশাপাশি এখন এই যন্ত্রটিও হারিয়ে যেতে বসেছে।’
