হারিয়ে যাচ্ছে গুটিয়ার জামদানিশিল্প
হারিয়ে যাচ্ছে টঙ্গীর গুটিয়ার জামদানিশিল্প। বর্তমানে গুটিয়ার আটটি পরিবারে জামদানি কাপড় তৈরির তাঁত রয়েছে। সরকার প্রয়োজনীয় সহযোগিতা না দিলে এই হস্তশিল্পের কাজ অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন তাঁতিরা। কয়েক বছর আগেও গুটিয়া এবং এর পাশের গ্রামগুলোতে চার শতাধিক তাঁতি জামদানি কাপড় তৈরির সঙ্গে জড়িত ছিলেন। গুটিয়ার জামদানিপল্লি: টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড থেকে তিন কিলোমিটার পশ্চিমে গুটিয়া গ্রাম। জামদানিশিল্পী মো. সফর আলী (৭০) জানান, ১০ বছর আগেও চার শতাধিক পরিবারে জামদানি কাপড়ের তাঁত ছিল। বর্তমানে তিন গ্রাম মিলে মাত্র আটটি পরিবার জামদানি কাপড়ের তাঁত চালাচ্ছে। গুটিয়ায় মো. জাকির, মো. বারেক, মো. হালিম মিয়া, মো. স্বপন; গুশুলিয়ায় মো. আফাজ উদ্দিন, মো. সেলিম মিয়া, মো. জজ মিয়া ও আন্দারুলে মো. মানিক এসব তাঁত চালাচ্ছেন। সমস্যা: প্রধান সমস্যা অবৈধ পথে আসা ভারতীয় জামদানি শাড়ি। সরকার ভারত থেকে অবৈধ পথে জামদানি শাড়ি আসা বন্ধ করলে দেশীয় জামদানির চাহিদা বাড়বে। শ্রমিকসংকটও একটি বড় সমস্যা।তাঁতি মো. নজরুল ইসলাম জানান, সুতার দাম বেড়েছে। কিন্তু শাড়ির দাম সেভাবে বাড়েনি। ভারতীয় শাড়ির দাম কম হওয়ায় বাজারে তার চাহিদা বেশি। দেশীয় বা ভারতীয় এক পাউন্ড উন্নত মানের রেশম সুতার দাম পাঁচ হাজার টাকা। তাই কাতান বা বেনারসি তৈরির জন্য এখন আর রেশম সুতা ব্যবহূত হয় না। পলিয়েস্টার সুতা দিয়েই জামদানি, কাতান বা বেনারসি তৈরি করা হয়। বর্তমানে এক পাউন্ড পলিয়েস্টার সুতার দামও ১৩০ টাকা। সরকার সুতার দাম নিয়ন্ত্রণে রেখে বা সুতা আমদানিতে কর মওকুফ করলে তাঁতিরা উপকৃত হবেন। একাধিক জামদানিশিল্পী জানান, সব খরচ বাদ দিলে বর্তমানে প্রতিটি শাড়িতে ২০০ টাকার বেশি লাভ হয় না। তবু সরকার আর্থিক সহযোগিতা দিলে তাঁতিরা নতুন নতুন কারখানা গড়তে উৎসাহ পেতেন। বাজারের সঙ্গে তাল মিলিয়ে অল্প লাভে কাপড় বিক্রি করেও এখন টিকে থাকতে পারছেন না জামদানি তাঁতিরা। অনেক তাঁতি অন্য পেশায় চলে যাওয়ায় এখন প্রয়োজনমতো শ্রমিকও পাওয়া যাচ্ছে না। সম্ভাবনা: দেশ-বিদেশে জামদানির প্রচুর চাহিদা রয়েছে। আধুনিক যুগে জামদানির সৌন্দর্যও আধুনিকায়ন হয়েছে। নকশা ও বুননে পরিবর্তন এনে খুব সহজেই বর্তমান প্রজন্মের জন্য হালকা ও রংচঙা জামদানি তৈরি হচ্ছে। সাধারণ মানের একটি জামদানি শাড়ি এক হাজার থেকে তিন হাজার টাকা পাইকারি দরে বিক্রি হয়।