হারিয়ে যাচ্ছে চলনবিল জাদুঘরের নিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারকবাহক চলনবিল জাদুঘর সরকারি পৃষ্ঠপোষকতা ও যত্নের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে। যথাযথ সংরক্ষণের অভাবে ২৩ বছরে নষ্ট হয়ে গেছে অনেক দুর্লভ নিদর্শন।এলাকার অনেকে জানান, বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত এ জাদুঘরের অবস্থা সরকারিকরণের পর আরও নাজুক হয়ে পড়েছে। সম্প্রতি জাদুঘরটি জায়গার জটিলতা ও রাজস্ব আদায় না হওয়ার অজুহাতে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৭৮ সালে চলনবিলের বাসিন্দা এম এ হামিদের উদ্যোগে এবং এলাকাবাসীর সহায়তায় চলনবিল অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করার ব্রত নিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় চলনবিল জাদুঘর। প্রাথমিক পর্যায়ে আট শতাংশ জায়গা নিবন্ধনমূলে জাদুঘরের কার্যক্রম শুরু হয়। সেই সঙ্গে চলনবিল তথা উপমহাদেশের অনেক দুর্লভ নিদর্শন সংগ্রহ করে আনা হয় এই জাদুঘরে, যা এ অঞ্চলের মানুষের কাছে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।পরে নরওয়ে সরকারের অনুদানের এক লাখ ২০ হাজার টাকায় দোতলা ভবন নির্মাণ করা হয়। এরপর সরকার এর দায়িত্ব নেয়। এটি এ সময় বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত মহাস্থান জাদুঘরের অধীনে দেওয়া হয়। নিয়োগ দেওয়া হয় একজন কর্মকর্তা ও তিনজন কর্মচারী।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ওপরের তিনটি কক্ষে থাকেন তিনজন কর্মচারী। আর নিচের তিনটি কক্ষের একটিতে কার্যালয়, অপর দুটিতে সংগৃহীত নিদর্শনাবলি। ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে।জাদুঘরে ঢোকার মুখেই রয়েছে চলনবিলের সন্তান প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের পোড়ামাটির আবক্ষ মূর্তি। সংগৃহীত নিদর্শনের মধ্যে রয়েছে তুলট কাগজ ও গাছের ছালে লেখা প্রাচীন ও মধ্যযুগের পুঁথির পাণ্ডুলিপি; বিভিন্ন সময়ের সোনা, রুপা, তামা ও ধাতুর মুদ্রা; সুলতান নাসির উদ্দিনের হাতে লেখা পবিত্র কোরআন শরিফ; বিভিন্ন ধরনের প্রস্তর ও পোড়ামাটির ভাস্কর্য; রাজা, সম্রাট, সুলতান ও নবাবদের ব্যবহূত তরবারিসহ যুদ্ধাস্ত্র; রানি ভবানীর স্মৃতিচিহ্ন, মনসামঙ্গলের বেদি ও ঘট, বগুড়ার কবি মরহুম রুস্তম আলী কর্ণপুরীর দলিল-দস্তাবেজ ও উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত নিদর্শন।খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম বলেন, জাদুঘরটি সরকারিকরণের সময় এটি স্থানান্তর করা যাবে না—এই শর্তে হস্তান্তর করা হয়। জায়গা নিয়ে সমস্যা রয়েছে, তা থাকবে না। যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। প্রয়োজনীয় লোকবলসহ সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে জাদুঘরটি দর্শক হারাচ্ছে।প্রত্নতত্ত্ব বিভাগের বগুড়া অঞ্চলের পরিচালক বদরুল আলম প্রথম আলোকে জানান, চলনবিল জাদুঘরের ভবনটি সংস্কারের আর কোনো উপায় নেই। এ ছাড়া জাদুঘরের জন্য বাস্তবে কোনো জায়গাও নেই। স্থানটি যোগাযোগ-বিচ্ছিন্ন দুর্গম অঞ্চল হওয়ায় দর্শনার্থীরা খুব একটা এখানে আসে না। এতে সরকারি কোনো রাজস্বও নেই। এ কারণে সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে, জাদুঘরটি নাটোর সদরে বড় তরফের রাজবাড়িতে স্থানান্তর করার।