হারিয়ে যাচ্ছে দিঘি ও পুকুর
বিয়ানীবাজারের দিঘি ও পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ায় একদিকে যেমন ঘটছে পরিবেশ বিপর্যয়, অন্যদিকে উপজেলার কোথাও অগ্নিকাণ্ডসহ অন্যান্য প্রয়োজনের সময় পানি পাওয়া যাচ্ছে না। তথ্যমতে, উপজেলায় প্রায় দুই হাজার ৬০৫টি দিঘি ও পুকুর ছিল। বিয়ানীবাজারের সবচেয়ে প্রাচীন দিঘি ছিল টেংরা দিঘি। এ দিঘিটিও হারিয়ে গেছে। আজির মার্কেটের দিঘি ভরাট হয়েছে প্রায় ১০ বছর আগে। কোনো স্থাপনা তৈরি না করায় এটি এখন খেলার মাঠে পরিণত হয়েছে। পোস্ট অফিসের পুকুরটি সংরক্ষণ ও খননের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। খাসাড়ীপাড়া রোডে তাল পুকুরটি প্রায় এক যুগ আগে ভরাট হয়েছে। নয়াগ্রামের কটন আলী বলেন, ‘আগে কোনো বাড়িতে বা ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগলে সখলে মিলিয়া দিঘি বা পুকুর থাকিয়া পানি আনিয়া আগুন নিভাই লিছি আর এখন ফায়ায়ার সার্ভিসর গাড়ি আইয়াউ আগুন নিভাইতো পারে না পানির অভাবে।’ বিয়ানীবাজারে দিঘি ও পুকুর না থাকায় পানির অভাবে সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণ করা যায় না বলে জানান বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এস এম নুরুল ইসলাম। বিয়ানীবাজার পৌর শহরের কসবা গ্রামের আবদুস শুকুর বলেন, ‘অনেক দিঘি, পুকুর, জলাশয় ভরাট হলেও কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। নিয়ম অনুযায়ী পৌরসভার মধ্যে কারও কোনো জলাধারের আকার পরিবর্তন বা ভরাট করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগে কিন্তু বিয়ানীবাজারে কেউই জলাধার ভরাটে অনুমতির ধার ধারে বলে মনে হয় না।’ বিয়ানীবাজার পৌরসভার প্রকৌশলী আলী আকবর বলেন, এখানে যোগ দিয়েছি ছয় মাস হলো, এর মধ্যে কেউ পুকুর, জলাশয় ভরাটের অনুমতি নিতে আসেনি।পৌর প্রশাসক তফজ্জল হোসেন বলেন, আগে এ বিষয়ে পৌরসভার একক দায়িত্ব ছিল। কিন্তু গত বছর বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পরিবেশ রক্ষণাবেক্ষণ কমিটি করা হয়েছে। এটা ওই কমিটির তদারকি করার কথা। তার পরও পৌরসভা জলাশয় সংরক্ষণের জন্য যথা সম্ভব চেষ্টা করছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে এ ধরনের কোনো কমিটি নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে।