হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক উৎসের মাছ, মিটছে না আমিষের অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারোলা গ্রামে বাড়ি ৫৪ বছর বয়সী আবু বকর সিদ্দিকের। পেশায় ছিলেন জেলে। বাড়ির কাছের নদীতে প্রায় সারা বছর মাছ ধরে সংসার চালাতেন। ক্রমে নদী ভরে গিয়ে মাছ কমতে থাকে। আবু বকর পেশা বদল করে পরিণত হন রিকশাচালকে।‘আমার মতো এলাকার অনেকেই মাছ ধরা ছাইড়্যা দিছে। এহন বছরে তিন-চাইর মাসের বেশি মাছ দরা যায় না’, বলেন ১০ বছর ধরে ঢাকায় রিকশা টানা আবু বকর।দেশের অনেক স্থানেই কার্তিক-অগ্রহায়ণ মাস ছাড়া এখন দেশি মাছের দেখা মেলা ভার। বিলুপ্তির মুখে: পরিবেশ সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইইউসিএন ২০০০ সালে বাংলাদেশের ২৮৯ প্রজাতির মাছের মধ্যে ৫৪টিকে হুমকির সম্মুখীন বলে উল্লেখ করেছিল। গত ১২ বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য জাদুঘর ও জীববৈচিত্র্য কেন্দ্রের দেশব্যাপী পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, হুমকির মুখে পড়া মাছের সংখ্যা এখন ১০০ ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে ২৫ জাতের মাছ।কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক আবদুল ওহাব বলেন, ‘মাছের প্রজাতি বিনাশের এই ধারা আশঙ্কাজনক। এটা বাড়ছে প্রতিনিয়ত।’মৎস্য অধিদপ্তরের হিসাবে ১৯৯৮-৯৯ সালে নদী থেকে আসত দেড় লাখ টনের বেশি মাছ। এক যুগ পর সেটি প্রায় আট হাজার টন কমে গেছে।সংকটের কারণ: প্রাকৃতিক উৎসের মাছের এই হালের কারণ বেশ কয়েকটি। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক দশকে নদ-নদীগুলোর প্রবাহ ব্যাপকভাবে কমে গেছে। অপরিকল্পিত বাঁধ, রাস্তাঘাট-বাড়িঘর নির্মাণ, ধান চাষের প্রতি বেশি মনোযোগ—এসব কারণে নিম্নাঞ্চলের জলাভূমি নষ্ট হয়েছে। নির্বিচার মাছ নিধন, কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারও মৎস্যসম্পদ ধ্বংসের কারণ। ক্ষতিকর প্রভাব: চাষের মাছের উৎপাদন লক্ষণীয়ভাবে বাড়লেও চাহিদা পূরণ হচ্ছে না। ১৯৯৮-৯৯ সালের প্রায় ছয় লাখ টন থেকে এখন উৎপাদন দ্বিগুণের বেশি। এর পরও মৎস্য অধিদপ্তরের হিসাবে জনপ্রতি মাছের বার্ষিক ঘাটতি প্রায় দুই কেজি। সরকারের ২০১০ সালের খানা আয়-ব্যয় জরিপ বলছে, ২০০৫ থেকে ২০১০ সময়ে প্রতিদিন জনপ্রতি মাছ থেকে পাওয়া ক্যালোরি প্রায় ১০ ক্যালোরি বেড়েছে। তবে শহর ও গ্রামের মধ্যে বিরাট ব্যবধান। পুষ্টিবিদ এস কে রায় বলেন, প্রাকৃতিক উৎসের মাছ থেকে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন এ, ক্যালসিয়াম এবং দস্তা পাওয়া যায়। ব্র্যাকের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ মাহবুব হোসেন বলেন, দারিদ্র্যসীমার নিচে থাকা ৪০ শতাংশ মানুষ দেশের প্রাপ্য গড় আমিষের অর্ধেকও পায় না।বিশেষজ্ঞের পরামর্শ: পরিস্থিতির উন্নয়নে নদী-বিল-হাওরের মতো মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা অতি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। অধ্যাপক আবদুল ওহাব প্রতি ইউনিয়নে একটি মাছের অভয়াশ্রম করার পরামর্শ দেন।দেশের আড়াই লাখ হেক্টরের বেশি উন্মুক্ত জলাশয়ে সমবায় পদ্ধতি চালু করার ওপর জোর দেন মাহবুব হোসেন। বিশেষজ্ঞরা বলেছেন, এই পদক্ষেপগুলোর পাশাপাশি দ্রুত বাড়ে এমন উন্নত প্রজাতির মাছের চাষ এবং বর্তমানের আধা-নিবিড় পদ্ধতির পরিবর্তে নিবিড় চাষ পদ্ধতি চালু করতে হবে।