হারিয়ে যাচ্ছে শামুক ঝিনুকের চুন
শামুক-ঝিনুকের খোল দিয়ে তৈরি ফটিকছড়ির চুনের কদর আছে ক্রেতাদের কাছে। তবে চুন তৈরির কাঁচামালের দাম বাড়লেও এ থেকে তৈরি চুনের দাম বাড়েনি। ফলে লোকসানের মুখে পড়ে চুন তৈরির পেশা ছাড়ছেন এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা।
চুন তৈরির কারিগর ফটিকছড়ির মো. আব্বাস উদ্দিন জানান, পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী নদী থেকে আসা বিভিন্ন প্রজাতির শামুক, ঝিনুকের খোল দিয়ে তৈরি এখানকার চুন এ অঞ্চলের চাহিদা মিটিয়ে জেলা সদরেও সরবারহ করা হয়। এর সঙ্গে জড়িত আছে শতাধিক পরিবার।
চুনশিল্পের কারিগরেররা পৈতৃক পেশা ধরে রাখতে পারছেন না। আগে উপজেলার অনেক গ্রামে চুনের কারখানা থাকলেও এখন কেবল আজিমনগর ও ভূজপুরে দেখা যায়।
কথা হয় আজিমনগর গ্রামের আবুল হোসেন নামের চুন উৎপাদনকারীর সঙ্গে। তিনি বলেন, এক বস্তা শামুক-ঝিনুকের দাম এক-দেড় হাজার টাকা। তা থেকে ৫০ কেজি চুন হয়। এক কেজি চুনের দাম ৫০ থেকে ৫৫ টাকা। ৫০ কেজি চুন বিক্রি করতে সময় লাগে তিন–চার দিন। খরচ বাদ দিলে লাভের পরিমাণ খুবই কম।
স্বাদ ও মানের দিক দিয়ে এখানকার চুন সেরা—এ কথা স্বীকার করলেন কয়েকজন ব্যবসায়ীও। কথা হয় চুন ব্যবসায়ী মো. একরাম হোসেরনর সঙ্গে। তিনি বলেন, পাথুরে চুন আর শামুক-ঝিনুকের চুনের মধ্যে অনেক ফারাক। শামুক-ঝিনুকের চুন মিষ্টি হয়। কিন্তু এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের কদর নেই। সরকারি সহায়তা না পাওয়ায় মার খাচ্ছেন তাঁরা।
চুন উৎপাদনের পেশা ছেড়ে আজিমনগর গ্রামের মো. হোসেন এখন রিকশা চালান। তিনি বলেন, ‘এ পেশায় টিকে থাকা মুশকিল। সামাজিক মর্যাদাও নেই। রিকশা চালিয়ে অনেক ভালো আছি।’
চুনশিল্প রক্ষায় সরকারি ও বেসরকারি সহায়তা বাড়ানোর কথা বলছেন এ পেশায় জড়িত ব্যক্তিরা। কী ভাবছেন এলাকার জনপ্রতিনিধিরা? প্রশ্ন করলে উপজেলার রোসাংগিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম বলেন, ‘চুনশিল্প ফটিকছড়ির গৌরব। কিন্তু আয় কমে যাচ্ছে বলে অনেকেই পেশা ছাড়ছেন। ফলে শিল্পটি এখন বিলুপ্ত হতে বসেছে। এ শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমরা স্থানীয়ভাবে ঋণসুবিধা দেওয়ার চেষ্টা করছি।’
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হান্নান আলম বলেন, এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা ব্যবসা সম্প্রসারণের সহায়তা চাইলে ঋণ দেওয়া হবে।
সরকারি সহায়তার অঙ্গিকার করেছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তহিদুল আলমও। তিনি বলেন, সরকার বিভিন্ন রুগ্ণ শিল্প–প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করার উদ্যোগ নিচ্ছে। চুনশিল্পের বিকাশেও সরকার আন্তরিক।