হারিয়ে যাচ্ছে হাওরের মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের উত্তর-পূর্বাঞ্চলে হাওরের দেশীয় প্রজাতির অনেক মাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। অবাধে অবৈধ কারেন্ট জাল, কোনা ও ভিম জাল দিয়ে হাওরে মাছ শিকার করায় মিঠাপানির সুস্বাদু বহু মাছ হারিয়ে যাচ্ছে। এ ছাড়া হাওরের নদ-নদীগুলোর নাব্যতা-সংকট ও জীববৈচিত্র্য ধ্বংসের কারণে জেলার প্রায় দুই হাজার ৬০০ বর্গকিলোমিটার হাওর এলাকার মৎস্যসম্পদ বর্তমানে হুমকির মুখে পড়েছে। এখান থেকে প্রতিবছর মিঠাপানির চিংড়িসহ বহু প্রজাতির দেশীয় মাছ বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব বলে মৎস্য বিভাগ ও স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে। তাঁরা জানান, জেলার আটটি উপজেলায় দেড় শতাধিক জলমহালসহ বিস্তীর্ণ জলাশয়ে একসময় প্রচুর মাছ পাওয়া যেত। কৃষিবিদদের ধারণা, নদীর নাব্যতা হারানো, মৎস্য অভয়াশ্রম না থাকা, কৃষিজমিতে মাত্রাতিরিক্ত সার প্রয়োগ, অবৈধ জাল ব্যবহার করে নির্বিচারে মৎস্য নিধন, কীটনাশকের মাধ্যমে মাছ ধরা ও জীববৈচিত্র্য ধ্বংসের কারণেই দেশীয় প্রজাতির মিঠাপানির মৎস্য সম্পদ আজ হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া মাছের সংখ্যা ও নাম উপজেলা মৎস্য অধিদপ্তরে সংরক্ষিত না থাকলেও স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শতাধিক দেশীয় প্রজাতির মাছ হারিয়ে গেছে হাওরাঞ্চল থেকে। উল্লেখযোগ্য মাছগুলো হলো: ভূম মাছ, আকস, পান মাছ, মহাসোল, কোরাল, রানী বা রানদী, হিলুরীন, চেলা, বিলুসোল এবং এলং মাছ। এ ছাড়া হাওরে কম পাওয়া যায় কাতল, বামটা বা বামস, কৈলাশ, কাল বাউশ, চিতল, ভাঁচা, গাওরা, গাগলা, পাবদা, বাগাই, রিটা, পুমা, লাচু, টেকা, লিকো বা কাজলি, বেদা বা মিনি, কাদলা, কাইক্কা, পাঙাশ, মৃগেল, শিং, মাগুর, কই, চান্দা, বাইলা, টেংরা, বাতাই বা আলনি। অপরদিক পরিবেশের বৈরী আচরণ ও অসাধু জেলেদের শিকার হয়েও টিকে আছে বোয়াল, রুই, টেংরা, গোলসা, লটকটি, বাইম, তারা বাইম, চিকড়া বাইম, পুঁটি, চেলা, মলা-ঢেলা, চাপিলা, টাকি, লইট্টা, আইড় গাঘট, সোল, গজার, চান্দা, গুতুম প্রভৃতি মাছ। সার্ক কৃষিকেন্দ্রে কর্মরত কৃষিবিজ্ঞানী নিয়াজ পাশার মতে, মানবসৃষ্ট বিরূপ পরিবেশ থেকে হাওরাঞ্চলকে বাঁচাতে হবে। জেলেদের সচেতন করে মধ্যস্বত্বভোগী মৎস্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অবস্থার উন্নতি হতে পারে। তিনি আরও বলেন, এসব দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে এ বিষয়ে জেলেদের সচেতনতার ব্যাপক কার্যক্রম গ্রহণ, মৎস্য আবাসস্থল পুনরুদ্ধার, অভয়াশ্রম তৈরির বিকল্প নেই।অষ্টগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নাব্যতা হারানো নদী, জীববৈচিত্র্য ধ্বংস ও জেলেদের নির্বিচারে মৎস্য নিধনের ফলে এসব মাছ হারিয়ে যাচ্ছে। মৎস্য সম্পদ রক্ষার জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় সময়ের ব্যবধানে হাওরের মৎস্য সম্পদ ধ্বংসসহ দেশীয় প্রজাতির সুস্বাদু মাছের অস্তিত্ব হারিয়ে যাবে।