হারিয়ে যাবে আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে অবস্থিত পুরার্কীতির নিদর্শন ইংরেজ ব্যবসায়ী মি. ম্যাকলিউডের বাড়ির ছাদ ভেঙে মূল ভবনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। তারা সেখানে কড়ি-বরগার টালির ছাদ ভেঙে আরসিসি ঢালাই ছাদ নির্মাণ করবে। বাড়িটি বর্তমানে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহার করছে।স্থানীয় লোকজনের বক্তব্য, প্রায় ২০০ বছর আগে নির্মিত এই ভবনের ছাদ ভেঙে আরসিসি ছাদ নির্মাণ করতে গেলে বাড়িটির মূল নকশা পরিবর্তন হয়ে যাবে। হারিয়ে যাবে কোটচাঁদপুর থেকে আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, ১৮ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময় ব্যবসায়িক কারণে কোটচাঁদপুর শহরে আসেন মি. ম্যাকলিউড। তিনি এখানে বসবাস শুরু করেন এবং কপোতাক্ষ নদের পারে বিশাল বাড়ি নির্মাণ করেন। তাঁর মৃত্যুর পর ছোট ছেলে হ্যারল্ড ক্লাইভ ম্যাকলিউড পিতার ব্যবসা দেখাশোনা করতেন। ১৯৬৫ সালে হ্যারল্ড ক্লাইভ ম্যাকলিউড সপরিবারে বিলেতে চলে যান।বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন সংস্কার না করায় বাড়িটির দোতলার ছাদ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে ভবনের গায়ের মূল্যবান সব নকশা। বিদ্যালয় কর্তৃপক্ষ তাই এই ছাদ ভেঙে ঢালাই ছাদ করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিয়ে একটি প্রাক্কলন তৈরি করা হয়েছে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৮ লাখ টাকা, যা করা হলে ভবনটির মূল নকশা নষ্ট হয়ে যাবে। হারিয়ে যাবে প্রায় ২০০ বছরের একটি স্মৃতি। কোটচাঁদপুর থেকে শেষ হয়ে যাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন।বিদ্যালয় পরিচালনা কমিটির দাতাসদস্য, আলহাজ আশরাফ আলী মণ্ডলের ছেলে মো. আতাউর রহমান জানান, প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে পরামর্শ করা হলে ভবনটি রক্ষা পাবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সুলতান আহমেদ বলেন, ‘মূল নকশা ধরে রাখার চেষ্টা করতে করতে আমরা ভবনটিই নষ্ট করে ফেলছি।’ মূল নকশা ধরে রাখতে প্রত্নতত্ত্ব বিভাগ এগিয়ে এলে তাঁদের কোনো আপত্তি নেই।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোটচাঁদপুর শাখার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মসলেম উদ্দিন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁরা এই প্রাক্কলন তৈরি করে দিয়েছেন। চেষ্টা চলছে অর্থ বরাদ্দের। তিনি বলেন, পুরোনো ভবনের ছাদ ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মূল নকশার কিছুটা পরিবর্তন হলেও তাঁদের কিছু করার নেই।এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সিহাব উদ্দিন মো. আকবার জানান, বাড়িটি নিয়ে তাঁদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। পরামর্শ করলে ভবনটির মূল নকশা কীভাবে ধরে রাখা যায়, সে ব্যাপারে তাঁরা পদক্ষেপ নেবেন।