হারিয়ে যাবে ভাজা ইলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাটে ইলিশ মাছ ভেজে ​চলেছেন মোহাম্মাদ আলী। আবদুস সালাম
ঘাটে ইলিশ মাছ ভেজে ​চলেছেন মোহাম্মাদ আলী। আবদুস সালাম

শুধু আসা-যাওয়ার পথেই নয়, টাটকা ইলিশের স্বাদ নিতে মাওয়া ঘাটে গেছেন, এমন লোকের সংখ্যা অনেক। তবে সে সাধ ও স্বাদ—দুটোর দিনই শেষ হতে চলল। পদ্মা সেতু হয়ে গেলে এ সুযোগ আর হয়তো থাকবে না, মাওয়া-কাওরাকান্দির হোটেল ব্যবসায়ী ও ইলিশ খেতে আসা ভোজনরসিকদের আশঙ্কা সে রকমই।
গত শুক্রবার শিমুলিয়ার নতুন ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের এক পাশে সারি বেঁধে তৈরি করা হয়েছে হোটেলগুলো। ক্রেতাদের তেমন ভিড় নেই। ক্রেতা দেখলেই চার-পাঁচটি হোটেলের কর্মীরা একসঙ্গে ডাকাডাকি করছেন।
শিমুলিয়ার নতুন ঘাটের হোটেল মালিক রিপন চন্দ্র বর্মণ বললেন, ‘১৫ বছর ধরে এই ব্যবসা করি। নতুন ঘাটে আসার পর ব্যবসা অনেক কমে গেছে। নতুন জায়গায় মানুষ আমাদের খুঁজে পায় না।’
পদ্মার এপারে মাওয়া। ওপারে কাওরাকান্দি। দুই ঘাট মিলে দুই শরও বেশি খাবার হোটেল। দোকানের সামনেই ইলিশ মাছের পসরা। ভাজা ইলিশ যেমন আছে, তেমনি কাঁচা ইলিশও। ক্রেতারা পছন্দ করে দিলেই ভেজে দেওয়া হয়। এসব হোটেলে ইলিশ মাছের প্রতি টুকরোর দাম আকারভেদে ৬০ থেকে ৯০ টাকা। কেউ চাইলে আস্ত মাছ কিনেও খেতে পারেন। সে ক্ষেত্রে দাম গুনতে হয় আকারভেদে।
মাওয়া ঘাটের বয়স ৩০ থেকে ৩৫ বছর। ট্রলার চলাচল দিয়ে ঘাটের যাত্রা শুরু। এরপর লঞ্চ ও ফেরি চলাচল শুরু। দিনে দিনে ঘাটকে ঘিরে নানা ধরনের ব্যবসার পাশাপাশি গড়ে ওঠে হোটেল ব্যবসাও। তবে এখানকার হোটেলগুলোতে ভাজা ইলিশ বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
শুধু ইলিশ খেতেই ঢাকা থেকে মাওয়া গেছেন এমন মানুষের সংখ্যা কম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলী আসিফের কথাই ধরা যাক। রাত ১২টায় মনে হলো, ভাজা ইলিশ খাবেন। বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে তখনই রওনা। ভোররাতে ইলিশ খেয়ে মাওয়া থেকে ফেরেন সেদিন।
তবে ইলিশপ্রেমীদের সেদিন ফুরোতে চলল বলে। ২০১৮ সালে পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেলে মাওয়া ঘাট আর থাকবে না। থাকবে না ওপারের কাওরাকান্দি ঘাটও। কান্দিপাড়া থেকে শিমুলিয়ায় সরে আসা লঞ্চ ও ফেরিঘাটের একাধিক হোটেল ব্যবসায়ী বললেন, ভবিষ্যৎ নিয়ে তাঁরা শঙ্কায় আছেন।
কাওরাকান্দি ঘাটের বিসমিল্লাহ হোটেলের মালিক মোহাম্মাদ আলী ফকির বললেন, ‘কত জায়গা থাইক্যা মানুষ আহে এইখানে, তাজা ইলিশের ভাজি খায়, কেউ খায় ইলিশের ডিম ভাজি। ব্রিজ হইলে, দোকান না থাকলে আমরা বেচমু কী?’
ব্যবসায়ীদের যেমন তাঁদের ব্যবসা নিয়ে ভাবনা, ইলিশ খাওয়া নিয়ে ইলিশপ্রেমীদের ভাবনাও কম নয়। কথা হয় ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে ইলিশ খেতে আসা চার বন্ধুর সঙ্গে। তাঁদের একজন রিজওয়ান আহমেদ বললেন, ‘প্রায়ই ইলিশ খেতে আসি। সেতু হলে সেটি হয়তো আর হবে না। সেতুর আনন্দের সঙ্গে আক্ষেপ থেকে যাবে মাওয়ার ভাজা ইলিশের।’