হারুন ইজাহারকে আবার আটক
মুক্তির পর কারা ফটক থেকে আবার আটক হয়েছেন ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহার। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া জানান, নগরের খুলশী থানার তিনটি মামলা এবং ঢাকার শাপলা চত্বরে সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিনটিসহ মোট ছয়টি মামলায় উচ্চ আদালত থেকে পর্যায়ক্রমে জামিন পান হারুন ইজাহার। সর্বশেষ সোমবার সন্ধ্যায় খুলশী থানার একটি মামলায় তাঁর জামিননামা আসে কারাগারে। সব মামলায় জামিনে থাকায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
ফের আটকের বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আনোয়ার হোসেন বলেন, হারুন ইজাহারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খোঁজখবর নেওয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না।
হারুন ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার জানান, সব মামলায় জামিনে থাকার পরও পুলিশ হয়রানি করতে তাঁর মক্কেলকে আটক করেছে। ফাঁসানোর জন্য মিথ্যা কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হতে পারে।