হারুন ইঞ্জিনিয়ারিংয়ের গুদাম থেকে বিপুল 'জিহাদি বই' উদ্ধার
ঢাকার আশুলিয়ার একটি গুদাম থেকে বেশ কিছু ‘জিহাদি বই’ পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। ওই গুদামটি হারুন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের। এর অন্যতম পরিচালক রেজোয়ান হারুনকে গত ১১ মে বনানীতে তাঁর কার্যালয়ের সামনে থেকে একদল লোক তাঁকে ধরে নিয়ে গেছে বলে পরিবারের অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ নেই।
গতকাল রোববার র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার বড় রাঙামাটিয়ায় হারুন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের গুদামে অভিযান চালায় র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ সিডি উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, ‘ওই কারখানার মালিক হারুন উর রশিদ এবং বর্তমানে তাঁর ছেলে রেজওয়ান হারুন কারখানার কার্যক্রম পরিচালনা করতেন। রেজওয়ান রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের স্বত্বাধিকারী, যিনি ২০১৫ সালে ওই স্কুলের মালিকানা কেনেন। পরবর্তী সময়ে গত বছরের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর তদন্তে ওই স্কুলের অনেক শিক্ষক ও শিক্ষার্থীর সম্পৃক্ততা নিশ্চিত হয়। এরই পরিপ্রেক্ষিতে স্কুলের কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় বলে বিভিন্ন পন্থায় বিভিন্ন স্থানে সুপ্ত আকারে রেজওয়ান হারুনের নির্দেশে গোপনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।’
র্যাব জানায়, আশুলিয়ার ওই কারখানার ভেতরে আরও প্রচুর জিহাদি বই মজুত ছিল, যা কারখানার গাড়িচালক জাকিরের মাধ্যমে গত মাসে সরিয়ে নেওয়া হয়। রেজওয়ান হারুন বছরের বেশির ভাগ সময়ই যুক্তরাজ্যে থাকেন। তিনি দেশে ফিরে অন্তরালে চলে যান বলে জানা যায়।
এদিকে যোগাযোগ করা হলে হারুন ইঞ্জিনিয়ারিংয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন, লেকহেড স্কুলের মালিকানা আরও এক বছর আগে বেচে দিয়েছে হারুন ইঞ্জিনিয়ারিং। এ ছাড়া রেজোয়ান হারুনের স্ত্রী, সন্তানেরা যুক্তরাজ্যে থাকেন, তাই তিনি মাঝেমধ্যে সেখানে যান। তিনি বেশির ভাগ সময় দেশে থেকে ব৵বসা পরিচালনা করেন। গত ১১ মে সকালে দেশে ফিরে তিনি সারা দিন ব্যবসার কার্যক্রম দেখেন। বিকেলে বাবা হারুন উর রশিদের সঙ্গে গাড়িতে বাসায় ফেরার পথে বনানীতে নিজ কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাঁকে কিছু লোক তুলে নিয়ে যায়।