কেরানীগঞ্জের উত্তর বাহেরচর গ্রামে এসিড নিক্ষেপে একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার হারুনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, গতকাল রোববার হারুনকে ঢাকা জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও জানান, মামলার প্রধান আসামি সোহেলের বাড়ি সাভারের ভাকুর্তা এলাকায়। তাঁকে গ্রেপ্তারের জন্য গত শনিবার থেকে একাধিকবার অভিযান চালানো হয়েছে।এদিকে এসিড হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ নিয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েছেন। আহত সুরাইয়া বলেন, তাঁরা দরিদ্র। পুরোনো কাপড় সেলাই করে তাঁদের সংসার চলে। এ অবস্থায় খাবারের খরচ জোগাবেন, নাকি চিকিৎসার খরচ জোগাড় করবেন, এ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। তিনি জানান, দুই দিন ধরে তাঁদের বাড়িতে কোনো রান্না হচ্ছে না। ওষুধের ব্যবস্থা করতেই তাঁরা হিমশিম খাচ্ছেন।কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, এসিড হামলায় দগ্ধ চারজনের সুচিকিৎসার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।এ ঘটনার প্রতিবাদে আজ প্রথম আলো কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্যোগে উপজেলা চত্বরের শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা, সাংবাদিক ও বন্ধুসভার সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।গত শুক্রবার রাতে কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছোড়া এসিডে একই পরিবারের তিন বোন সুরাইয়া (২৫), নাজমা (২৪) ও আসমা (২৩) এবং আসমার ১১ মাস বয়সী শিশুকন্যা আফসানার শরীর ঝলসে যায়। এ ঘটনায় জড়িত অভিযোগে গত শনিবার হারুনকে গ্রেপ্তার করে পুলিশ।