হারুন বাহিনীকে ঠেকাতে কমিটি গঠন
হারুন বাহিনীকে রুখতে চট্টগ্রামের মিরসরাইয়ের কমরআলী বাজারের ব্যবসায়ীরা একজোট হয়েছেন। গতকাল সোমবার বাজারের ব্যবসায়ীদের এক সভায় ‘কমরআলী বাজার শৃঙ্খলা রক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। মোহাম্মদ আলীকে আহ্বায়ক এবং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল বশর সওদাগর ও রুহুল আমিন রাজুকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। আহ্বায়ক মোহাম্মদ আলী জানান, বাজারের শৃঙ্খলা রক্ষার্থে এই কমিটি কাজ করবে।গতকাল সকালে মিরসরাই সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ ইকবাল আলী বাজার পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি বলেন, ‘ব্যবসায়ীদের মনে এখনো ভয় কাজ করছে। আমরা তাঁদের আশ্বস্ত করেছি।’ তিনি আরও বলেন, হারুন বাহিনীর অন্য সন্ত্রাসীদের যেকোনোভাবে ধরা হবে।নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসলাম সিকদার বলেন, রকেট লাঞ্চার হামলার বিষয়ে তাঁরা জানতে পেরেছেন। তবে ফাঁড়িতে জনবল কম হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।