চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হত্যা মামলায় ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েলসহ পাঁচ ছাত্রকে গতকাল সোমবার গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চট্টগ্রামের প্রধান বিচারিক হাকিম শামছুল আলম তাঁদের ওই মামলায় গ্রেপ্তারের আদেশ দেন। আদালত সূত্র জানায়, ব্ল্যাক জুয়েল ছাড়া অন্য চার ছাত্র হলেন রাসেল বড়ুয়া, শান্তনু মহাজন, রায়হানউদ্দিন ও আসতারুল হক ওরফে আকতার। এঁদের মধ্যে জুয়েল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। এ পাঁচজনের মধ্যে জুয়েল, শান্তনু এবং আসতারুলকে ইতিপূর্বে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ চলাকালে গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ওই ঘটনায় তাঁদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা হয়েছে। গতকাল তাঁদের হারুন হত্যা মামলায় আসামি দেখানো হলো। গত ২৯ মার্চ চৌধুরীহাট ও সেনানিবাসের মাঝামাঝি বড়দীঘিপাড় এলাকায় হারুনের লাশ পাওয়া যায়। অন্য কোথাও হত্যা করে রাতে রেললাইনের ওপর তাঁর লাশ ফেলে যাওয়া হয় বলে পুলিশ ধারণা করছে। ছাত্রলীগের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য: ‘হত্যাসহ নানা অপরাধে জড়িত ৩৫ ছাত্র’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ। সংবাদটি ভিত্তিহীন দাবি করে প্রতিবাদপত্রে ছাত্র বহিষ্কারের জন্য উপাচার্যকে দায়ী করা হয়। প্রতিবাদপত্রের বেশির ভাগ বক্তব্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।প্রতিবাদপত্রে দাবি করা হয়, উপাচার্য ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে উত্খাত ও নিষ্ক্রিয় রাখতে দমন-পীড়ন চালান। তিনি তুচ্ছ ঘটনায় ছাত্রদের বহিষ্কার করে নিজের অবস্থান সুসংহত করছেন। প্রতিবাদপত্রে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া ছাত্ররা কেউ চট্টগ্রামের স্থানীয় নয়। এ ক্ষেত্রে উপাচার্য আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে স্থানীয় লোকদের ব্যবহারের মাধ্যমে স্বার্থ হাসিল করছেন। এতে দাবি করা হয়, কামরুল আহসানের কাছ থেকে জোর করে ১৫০ টাকার স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ সত্য নয়।প্রতিবেদকের বক্তব্য: নথিপত্র ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। আর কামরুল আহসানের কাছ থেকে ১৫০ টাকার স্ট্যাম্পে জোর করে সই নেওয়ার অভিযোগটি পাওয়া গেছে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিনের কাছ থেকে। এটা প্রতিবেদনে উল্লেখ আছে।